২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেলস্টেশনে হঠাৎ দেখা নিয়ে আসছে ‘তখন এই সময়ে’

প্রায় দশ বছর পর রায়হান আর মিতালির দেখা। সেই রেলস্টেশনে। যেখান থেকে তাদের সম্পর্কের শুরু হয়, আবার শেষও হয়। এত বছর পর দেখা হওয়ায় দুজনে বেশ আবেগঘন মুহূর্তে চলে যায়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2019, 08:29 PM

Updated : 10 Oct 2022, 09:03 PM

তাদের গল্পের সঙ্গে এই প্রজন্মের অমিত ও লাজের জীবনের গল্পটাও প্রায় একই। সামান্য একটি ভুলের কারণে রায়হান ও মিতালির জীবনে যে বিচ্ছেদের ঘটনা ঘটে তা যেন কোনোভাবেই অমিত ও লাজের জীবনে না ঘটে, তা নিয়েই এগোতে থাকে ‘তখন এই সময়ে’ নাটকের গল্প। 

নাটকটিতে মিতালি ও রায়হানের চরিত্রে অভিনয় করেছেন তানভীন সুইটি ও ইন্তেখাব দিনার। অন্যদিকে নতুন প্রজন্মের প্রতিনিধি হয়ে অমিত ও লাজের চরিত্র দুটি রূপায়ন করেছেন নিলয় আলমগীর ও নুসরাত জান্নাত রুহী।

থ্রি সিক্সটি ডিগ্রির ব্যানারে নির্মিত নাটকটি লিখেছেন সৈয়দ ইকবাল, আর পরিচালনা করেছেন মাসুদ আল জাবের।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, “নাটকের গল্পটা একেবারেই অন্যরকম। দুই প্রজন্মের দুই জুটির জীবনের গল্প তুলে ধরেছি। গল্পের প্রয়োজনে নাচের আয়োজন এবং রেলস্টেশনসহ নানা জায়গায় শুটিং করেছি। সব মিলিয়ে অন্যরকম একটি গল্পের নাটক দেখবেন দর্শক।”

নাটকটিতে আরও অভিনয় করেছেন সুজাত শিমুল, ইশরাত হক, শাহজাহান কবীর, বাদশা বুলবুল, রিফাত আরা রুম্পাসহ একঝাঁক নৃত্যশিল্পী। 

নাটকটি খুব শিগগিরই এনটিভির পর্দায় সম্প্রচার হওয়ার কথা রয়েছে বলে জানান নির্মাতা।