২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র দিবসেও শিল্পীদের বিভেদের ছায়া

জাতীয় চলচ্চিত্র দিবসেও পুরোনো দ্বন্দ্ব ভুলে একযোগে উৎসবে শামিল হতে পারলেন না চলচ্চিত্র শিল্পীরা।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2019, 06:36 PM

Updated : 10 Oct 2022, 09:02 PM

শিল্পী-নির্মাতাদের একাংশকে উৎসবে দেখা গেলেও অনেক তারকা শিল্পীসহ আরেক অংশ ছিলেন না, যার  মধ্য দিয়ে শিল্পীদের একে অপরের সঙ্গে ‘সাপে নেউলে’ সম্পর্কটা আরও একবার প্রকাশ্যে এলো।

বুধবার সকাল সাড়ে ১০টায় এফডিসিতে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। উদ্বোধনী আয়োজনে এফডিসিকেন্দ্রিক বিভিন্ন সংগঠনের নেতাদের দেখা গেলেও তারকা অভিনয়শিল্পী ছিলেন হাতেগোনা।

দিন চারেক আগেই এ আয়োজন বর্জনের ঘোষণা দেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। অনুষ্ঠানে দেখা যায়নি জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, শাবনূরকে। ছিলেন না অমিত হাসান, ওমর সানিরাও।

তাদের না দেখে ক্ষোভ প্রকাশ করেন চিত্রনায়ক আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “জাতীয় চলচ্চিত্র দিবসে আমাদের শিল্পীরা কোথায়? নাম ধরে বলতে চাই, মৌসুমী, শাবনূর, ওমর সানি, অমিত হাসানরা কোথায়?

“আপনারা কিন্তু সবাই এই চলচ্চিত্র থেকে তারকা হয়েছেন, অভিনেতা হয়েছেন, অনেক কিছু হয়েছেন। আপনাদের বারবার অনুরোধ করে আনা যায় না।”

এফডিসিতে আসার পর অনেকে তাকে জিজ্ঞাসা করেছিলেন, শিল্পীরা কোথায়? উত্তর দিতে না পেরে ‘লজ্জা পেয়েছিলেন’ বলেও জানান বয়োজ্যেষ্ঠ এ চিত্রনায়ক।

এ বিষয়ে জানতে চাইলে অভিনেতা ওমর সানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গিয়ে যদি বসার সিট না পাই তাহলে কেন যাব? সম্মানটা না পেলে যাওয়ার আগ্রহটা হারিয়ে যায়। আগে তো আমরা ঠিকই গিয়েছি। কিন্তু গত দুই বছর যাবত কম যাচ্ছি। এর পেছনে কারণ আছে। এর কারণ উনাকেই (আলমগীর) বের করতে হবে। তিন বছর আগে জায়গাটা এ রকম ছিল না। তখন প্রচুর শিল্পী হত।”

ওমর সানি প্রশ্ন রাখেন, শাকিব খান কেন অনুষ্ঠান বর্জন করলেন? শাকিবের কী অভিমান? অনুষ্ঠানে পূর্ণিমা, ফেরদৌস, পপি কেন যাননি?

“শিল্পী সমিতির কমিটির ২১ জনের মধ্যেই তো অনেকে অনুপস্থিত ছিলেন।”

বৃহস্পতিবার সন্ধ্যায় চলচ্চিত্র দিবসের সমাপনী অনুষ্ঠানে স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে হাজির হচ্ছেন বলে জানান ওমর সানী।

কারণ হিসেবে বললেন, “আজকে আমি ও মৌসুমী যাচ্ছি কেন জানেন? মাননীয় তথ্যমন্ত্রী জিজ্ঞাসা করেছেন, ওনারা কোথায়? ৩০ বছর ধরে যে সম্মান পেয়ে আসছি আজকে ওই সম্মানের জন্যই যাচ্ছি।”

ওমর সানির মতো শাকিব খানও ‘যথাযথ মূল্যায়ন না পাওয়ায়’ এ অনুষ্ঠান বর্জন করেছেন বলে জানান তার ব্যবসায়িক সহযোগী ও প্রযোজক ইকবাল হোসেন।

ইকবাল বলেন, “আয়োজকরা মানুষকে মূল্যায়ন করতে পারেননি। শাকিব যতদিন ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে, এটা আর কেউ পারবেন? রাত-দিন ২৪ ঘণ্টা কাজ করেও তার মূল্যায়ন নেই।

“আমরা রানিং ছবির কাজ করি। আর যারা ১০ বছরেও ছবি বানায় না, তারা এফডিসিতে এখন নেতাগিরি করে।”

এ প্রযোজকের অভিযোগ, প্রায় ৩০০ চলচ্চিত্রের অভিনেতা হলেও চলচ্চিত্র দিবসে শাকিবের কোনো পোস্টার রাখা হয় না। অথচ পোস্টার থাকে জায়েদ খানের।

কয়েক বছর ধরেই এফডিসিকেন্দ্রিক বিভিন্ন আয়োজনে দেখা যায় না শাকিব খানকে। চলচ্চিত্র শিল্পী সমিতিসহ চলচ্চিত্র পরিবারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় ২০১৭ সালে শিল্পী সমিতির নির্বাচনের সময়। নির্বাচনের কেন্দ্র পর্যবেক্ষণে গিয়ে হামলার শিকার হন বলে অভিযোগ তুলেছিলেন শাকিব। বর্তমানে এ সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।

পরে চিত্রনায়ক ফারুককে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জেরে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন নিয়ে গঠিত ‘চলচ্চিত্র পরিবার’ শাকিব খানকে বর্জনের ঘোষণা দেয়। পরে সেই সিদ্ধান্ত তুলে নেওয়ার পর চলচ্চিত্র পরিবারের সঙ্গে দ্বন্দ্ব কিছুটা মিটলেও তার রেশ এখনও কাটেনি।

সে কারণেই চলতি বছরের শুরুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে আয়োজিত পিকনিকে যাননি শাকিব। গত বছর চলচ্চিত্র দিবসের আয়োজনেও দেখা যায়নি তাকে।

এবারের চলচ্চিত্র দিবসে শাকিব খানকে না দেখে চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী ফেইসবুকে লিখেছেন, “চলচ্চিত্রে এতো এতো উৎসব হয় কখনও দেশের এক নম্বর হিরোকে দেখি না। তার মানে আগের বিবাদ এখনো মিটে নাই।”

Image
মালেক আফসারীর ফেসবুক স্ট্যাটাস

মালেক আফসারীর ফেসবুক স্ট্যাটাস

বিবাদ কেন মেটেনি- সেই প্রশ্ন তুলে এ পরিচালক বলেন, “পরিবারের নামকরা ছেলেকে বাদ দিয়ে এত আনন্দ করলে লোকে কী বলে? ঝগড়া কোন পরিবারে নাই? দুই বছরেও মীমাংসা হবে না কেন? সিনেমা পরিবারের মা-বাপকে আমার জিজ্ঞাসা, আপনারা কেন পারেন না সবাইকে এক করতে? নাকি আপনারাই চান না মিটমাট হোক।”

অনেক চলচ্চিত্র শিল্পী এবারের আয়োজনের আমন্ত্রণই পাননি বলে অভিযোগ তোলেন। আমন্ত্রণ না পাওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও উৎসবে থাকতে পারেননি ‘দহন’ চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে কোনও আমন্ত্রণপত্র দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি সেটা জিজ্ঞাসাও করিনি।”

এই সময়ের আরেক তরুণ চলচ্চিত্রশিল্পী সিয়ামসহ আরও অনেকেই বাদ পড়েছেন আমন্ত্রণের তালিকা থেকে।

বিষয়টি নিয়ে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) ও জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির সদস্য সচিব লক্ষণ চন্দ্র দেবনাথের কোনো বক্তব্য পাওয়া যায়নি।