২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানুষকে হলমুখী করতে সবার সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে’

জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে নানা আয়োজনে সেজেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2019, 08:38 PM

Updated : 10 Oct 2022, 09:02 PM

বুধবার জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মেতেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। দিনভর নানা আয়োজনে দিনটি উদযাপন করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সকাল সাড়ে ১০টায় বর্ণিল এ আয়োজনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এফডিসি’র ঝরনা স্পটের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে চলচ্চিত্র দিবসের দিনব্যাপী আয়োজনের সূচনা করেন তিনি। 

উদ্বোধনের সময় তথ্যমন্ত্রীসহ উপস্থিত ছিলেন চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান ইমাম, ড. ইনামুল হক, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা, রোজিনা, শাহনূর, সুব্রত, সম্রাট, আইরিন, তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, এফডিসি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক লক্ষণ চন্দ্র দেবনাথ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খানসহ অনেকে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল শিল্প ও বাণিজ্যমন্ত্রী হিসেবে তৎকালীন প্রাদেশিক পরিষদে বিল উত্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠা করেন চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন। দিনটিকে স্মরণীয় করে রাখতেই ২০১২ সাল থেকে দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে পালন করে আসছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

সে কথা স্মরণ করে নিজের বক্তব্যের শুরুতেই তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন,  “সে সময় যদি তিনি চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রতিষ্ঠা না করতেন তাহলে আমাদের দেশে চলচ্চিত্র নির্মাণ শুরু হতো না। আমাদের দেশে সে সময় যেভাবে কলকাতার ছবি, হিন্দি ছবি এবং পশ্চিম পাকিস্তানের উর্দু ছবির বাজার তৈরি হয়েছিল সেটির ধারাবাহিকতায় আমাদের দেশে আর চলচ্চিত্র শিল্প গড়ে উঠতো না। এজন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আজকের চলচ্চিত্র দিবসের মতো বিশেষ দিনে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এফডিসি প্রতিষ্ঠার পর আমাদের দেশে বহু কালজয়ী ছবি নির্মাণ হয়েছে। এমনকি স্বাধীনতার আগে ও পরে অসংখ্য ভালো মানের ছবি নির্মাণ হয়েছিল। যেগুলো পরবর্তীতে দেশগঠন করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে।”

প্রযুক্তির পরিবর্তনে বড়পর্দার বাইরেও অন্তর্জালকেন্দ্রিক নানা প্লাটফর্ম এসেছে। অন্যদিকে প্রতিনিয়ত কমছে সিনেমা হলের সংখ্যা। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “সমগ্র বিশ্বে চলচ্চিত্র শিল্পের কোনও বিকল্প নেই। চলচ্চিত্রশিল্পের বিকল্প টেলিভিশন নয়, নেটফ্লিক্সে সিনেমা দেখা নয়, ইউটিউবে কোনও সিনেমা দেখা নয়। চলচ্চিত্রের বিকল্প চলচ্চিত্র, অন্য কিছু হতে পারে না। একসময় চলচ্চিত্র শিল্পের স্বর্ণযুগ ছিল। মঞ্চে আজ যারা বসে আছেন তারা সকলে স্বর্ণযুগের শিল্পী। তখন প্রতি সপ্তাহে দুটি করেও ছবি মুক্তি পেত। বছরে ১২০টির বেশি সিনেমা মুক্তি পেত, যা এখন নেই। কেন নেই? সেটির অনেক উত্তর আছে। আমি মনে করি আমাদের সবার সম্মিলিত দায়বদ্ধতা রয়েছে। সম্মিলিত দায়বদ্ধতার জায়গা থেকে চলচ্চিত্রকে আবার সেই স্বর্ণযুগে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে সুস্থ বিনোদন দেওয়ার জন্য, মানুষকে হলমুখী করার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।”

নিজের বক্তব্যে চলচ্চিত্র নিয়ে সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরেন মন্ত্রী। 

দু’দিনব্যাপী আয়োজনের প্রথম দিন বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা, মেলা, স্থিরচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন বৃহস্পতিবারের আয়োজনে রয়েছে বিকাল পাঁচটায় জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চ মাতাবেন মাহি, নিরব, ইমন, সাইমন, শিপন, জয়, বিপাশা কবিরসহ এ প্রজন্মের নায়ক-নায়িকারা। সন্ধ্যায় থাকছে লেজার শো ও আতশবাজি।

অন্যদিকে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি দিবসটি উপলক্ষে ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত তিনদিনের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- চলচ্চিত্র বিষয়ে আলোচনা, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, চলচিত্রের পোস্টার প্রদর্শনী, চলচিত্রের গান পরিবেশন।