চলে গেলেন কৌতুক অভিনেতা চিন্ময় রায়
বাংলা চলচ্চিত্রের প্রথম সারির কৌতুক অভিনেতা চিন্ময় রায় আর নেই।
পরিবারের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, রোববার রাত ১০টার দিকে সল্টলেকে নিজের ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই অভিনেতা; তার বয়স হয়েছিল ৭৯ বছর।
দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন চিন্ময় রায়। এর মধ্যে বছরখানেক আগে বাসায় পড়ে গিয়ে মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত পাওয়ার পর আর পুরোপুরি সুস্থ হতে পারেননি।
১৯৪০ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশের কুমিলায় জন্ম নেওয়া চিন্ময় রায়ের অভিনয়ের শুরুটা মঞ্চে হলেও জনপ্রিয়তা পেয়েছেন রূপালি পর্দায় কমেডিয়ান হিসেবে। মঞ্চে অভিনয় করেছেন নান্দীকারের হয়ে।
উপহার দিয়েছেন ‘বসন্ত বিলাপ’, ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ধন্যি মেয়ে’, ‘চারমূর্তি’,‘মৌচাক’, ‘হাটে বাজারে’, ‘ঠগিণী’, ‘ফুলেশ্বরী’, ‘সূবর্ণ গোলক’, ‘ওগো বধূ সুন্দরী’ সিনেমায় দর্শকনন্দিত সিনেমা।
নবদ্বীপ হালদার, ভানু বন্দ্যোপাধ্যায় বা তুলসী চক্রবর্তীর মতো কিংবদন্তি অভিনেতাদের পর বাংলা ছবিতে কৌতুক অভিনেতার ভূমিকায় রবি ঘোষ বা অনুপকুমারের সঙ্গে সমানতালে অভিনয় করে গেনে চিন্ময় রায়।
