এনামুল করিম নির্ঝরের আলোকচিত্র ছড়ার যুগলবন্দী ‘চল্লিশ’
প্রকাশিত হলো স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের আলোকচিত্র ও ছড়াই বই ‘চল্লিশ’।
ভাষা আন্দোলনের চল্লিশবছর উপলক্ষে আলোকচিত্রি নির্ঝরের তোলা ফটোগ্রাফের সঙ্গে বাংলাভাষার চল্লিশটি বর্ণমালার অদ্যাক্ষর দিয়ে লেখা ছড়া সন্নিবেশিত হয়েছে বইটিতে। এর আগে গ্রন্থভুক্ত ছবির সঙ্গে ছড়ার এ যুগলবন্দী নিয়ে ১৯৯২ সালের ১৪ ফাল্গুন রাজধানীর চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীটির উদ্বোধন করেছিলেন শহীদ জননী জাহানারা ইমাম।
দীর্ঘদিনপর মলাটবদ্ধ হলো ব্যতিক্রমধর্মী এ ছড়ার বই। বইটি প্রসঙ্গে নির্ঝর বললেন এটি শুধু বই নয়, স্মৃতির কাছে ফিরে যাওয়াও বটে।
“আমার কোডাক ক্যামেরায় তোলা সাদা কালো ছবিগুলো থেকে বাছাই করা চল্লিশটি ছবির সঙ্গে ছড়াগুলো জুড়ে দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছিলাম। সে প্রদর্শনীর ছবিগুলোই এতদিন পর জড়ো করে বই হলো। তাৎক্ষণিক ভাবনায় আলোকচিত্রগুলো ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে গৃহীত (১৯৯০-১৯৯২)। ছড়া-ছন্দের প্রলেপে সেগুলোকে নতুন একটা রূপ দেবার চেষ্টা হয়েছে মাত্র। ”
চলতিবছর বাংলা একাডেমীর আমন্ত্রণে বইমেলার নকশার কাজ করেছেন এনামুল করিম নির্ঝর। স্মৃতিচারণে জানালেন, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ১৯৯২ সালে সে প্রদর্শনীর আয়োজনে বাংলা একাডেমীই তাকে অনুমোদন দেয়নি।
নিজের বক্তব্যে যুক্ত করলেন নির্ঝর, “যদিও তৎকালীন বাংলা একাডেমী কর্তৃপক্ষ ছবিগুলো সেন্সর করতে চেয়েছিলো, প্রদর্শনীটিও করার অনুমতি দেয়নি। পরে জাহানারা ইমাম খালাম্মাকে নিয়ে চারুকলায় প্রদর্শনীটি করি আমরা।”
বাতিঘর থেকে প্রকাশিত গ্রন্থটি পাওয়া যাচ্ছে একুশে গ্রন্থমেলার ১২১-১২২ নাম্বার স্টলে।
