সিঁথি সাহার কণ্ঠে-অভিনয়ে ‘তুমি নেই’
‘ভ্যালেন্টাইন্স ডে’ সামনে রেখে নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী সিঁথি সাহা।
‘তুমি নেই’ শিরোনামে এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি অভিনয় করেছেন সিঁথি। মিউজিক ভিডিওতে তার বিপরীতে আছেন হালের জনপ্রিয় নায়ক এবিএম সুমন।
গানটির কথা গৌরব মন্ডল জনের, সুর করেছেন সৈয়দ তামিম আর সঙ্গীতায়োজনে ছিলেন অমিত চ্যাটার্জী।
ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সিঁথি সাহার এই গান।
গানটি নিয়ে সিঁথি বলেন, “অনেক দিন পর নতুন গান এবং ভিডিও নিয়ে হাজির হলাম। গানটি সবার হৃদয়কে দোলা দেবে। ভিডিওটিও দারুণ হয়েছে। প্রকাশের পর দর্শক-শ্রোতাদের অনেক প্রশংসা পাচ্ছি। আশা করি গানটি সব শ্রেণির দর্শক- শ্রোতাদের ভালো লাগবে।”
ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শোনা যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
