২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারকাদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন আসিফ আকবর

সেলিব্রেটি ব্যাডমিন্টন লীগ চ্যাম্পিয়ন হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2019, 07:11 PM

Updated : 10 Oct 2022, 08:54 PM

শেষ হলো সপ্তাহব্যাপী তারকাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সেলিব্রেটি ব্যাডমিন্টন লীগ। রোববার রাত ৮টায় অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে গায়ক আসিফ আকবরের টিম।

শীতের শেষ প্রান্তে এসে সপ্তাহব্যাপী জমজমাট ব্যাডমিন্টনের লড়াইয়ে মাতলেন তারকারা। অবশেষে শেষ হলো ব্যতিক্রমী এ আসর। উত্তেজনা ছড়িয়ে ফাইনালে আসিফের বিপক্ষে ছিলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন। আসিফের সঙ্গে মাঠে নামেন গায়ক আতিক বাবু। অন্যদিকে ইমনের সঙ্গী ছিলেন ক্লোজআপ ওয়ান তারকা রাজীব।

৩ সেটের ম্যাচে প্রথম দুটিতেই জয় তুলে নেন আসিফ-আতিক। তৃতীয় ম্যাচটি আর মাঠে গড়ায়নি। দ্বিতীয় ম্যাচ জয়ের সাথে সাথেই বেজে ওঠে ব্যান্ড পার্টি, এফডিসি মেতে ওঠে আসিফ-আতিকের বিজয় ধ্বনিতে।

খেলা শেষে চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন আসিফ আকবর জানান, ‘এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার লক্ষ নিয়েই অংশ নিয়েছিলাম। অবশেষে সেটি সফল হওয়ায় ভালো লাগছে। এখানে সবাই খুব ভালো প্রতিপক্ষ ছিলো। বিশেষ করে ফাইনালে ইমন ভাই ও রাজীব তো দুর্দান্ত খেলেছেন।

তবে হার-জিতের চেয়ে গুরুত্বপূর্ণ ছিলো ব্যস্ত থাকা মানুষদের একটু রিফ্রেশমেন্টের ব্যাপারটা। তারকাদের নিয়ে এই আয়োজন করার জন্য আমার ছোট ভাই লিমন আহমেদ ও নূর ক্রিয়েশনসকে ধন্যবাদ। খেলা চলছে, চলতেই থাকুক। প্রতিবছর আমি এই টুর্নামেন্ট চাই।’

আয়োজক কর্তৃপক্ষ জানান, মোট ১১টি ইনিংসের ৩৩টি ম্যাচ নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। যেখানে প্রতিটি ম্যাচই ছিলো নকআউট। হার জিতের এই খেলায় অংশ নিয়েছেন ১২টি দলের মোট ৩০ জন খেলোয়ার।

টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের হাতে একটি ট্রফি ও ৩২ ইঞ্চি মিনিস্টার এলইডি টেলিভিশন তুলে দেন আয়োজনের টাইটেল স্পন্সর আরএফএল প্লাস্টিকসের হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান ও অনুষ্ঠানের প্রধান অতিথি মুশফিকুর রহমান গুলজার। রানার্স আপ টিমকে ট্রফির পাশাপাশি দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন পুরস্কার হিসেবে দেয়া হয়।

এই আয়োজনে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন শওকত আলী ইমন, সেলিব্রেটি অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন আসিফ আকবর।

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক, কবি শহীদুল্লাহ ফরায়জী, চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকন, শাহীন সুমন, এস এ হক অলীক, শাহীন কবির টুটুল, দেবাশীষ বিশ্বাস, উপস্থাপক আনজাম মাসুদ, ইউটিউব পার্টনার ছিলো রোদ্দুরের সিইও রেজাউল হক রেজা, আর্ব নিউজের সম্পাদক মঈনুল হক রোজ, বাচসাসের সাংগঠনিক সম্পাদক সৈকত সালাউদ্দিন।