২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বদলে যাচ্ছে সেন্সর বোর্ডের নাম

চলচ্চিত্রকর্মীদের দাবির মুখে ‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড’র নাম বদলে ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ করা হচ্ছে।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2019, 05:34 PM

Updated : 10 Oct 2022, 08:53 PM

নাম পরিবর্তনের প্রস্তাবনাটি যুক্ত করে প্রস্তাবিত ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন’র খসড়া নিয়ে কয়েক দফায় তথ্যমন্ত্রণালয়ে পর্যালোচনা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডের সদস্যদের সঙ্গে আরেকটি বৈঠকে এ আইন নিয়ে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ।

দীর্ঘদিন ধরে প্রযোজক-নির্মাতা-অভিনয়শিল্পীরা সেন্সর বোর্ডের নাম নিয়ে আপত্তির কথা জানিয়েছে; তাদের আপত্তি আমলে নিয়ে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উদ্যোগে গত বছরের শুরুতে আইনটির খসড়া তৈরি করা হয়। হাছান মাহমুদ তথ্যমন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম আলোচনায় উঠছে আইনটি।

নাম পরিবর্তনের ব্যাখ্যায় সেন্সর বোর্ডের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেন্সরশীপ শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়। অনেকে ভাবেন, সেন্সর বোর্ডের কাজ শুধু কাঁচি চালানো কিন্তু সেন্সরবোর্ডের কাজ তো সার্টিফিকেট দেওয়া। মানুষের কাঠামোবদ্ধ ধারণা পরিবর্তন করতেই নাম পরিবর্তন করা হচ্ছে।”

দেরিতে হলেও তথ্যমন্ত্রণালয় ও সেন্সর বোর্ডের এ উদ্যোগকে সাধুবাদ জানালেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। তিনি আশা করছেন, আইনটি শিগগিরই কার্যকর হবে। 

কার্যকর হলে এটি চলচ্চিত্রের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে মনে করছেন সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পৃথিবীর কোথাও সেন্সর বোর্ড বলে কিছু নেই; সার্টিফিকেশন বোর্ড আছে। নাম পরিবর্তনের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আশাকরি, চলচ্চিত্রের জন্য ইতিবাচক ফল আনবে।”

‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড’ এতদিন ধরে  ১৯৬৩ সালের ‘চলচ্চিত্র সেন্সরশিপ আইন’ ও ১৯৭৭ সালের ‘চলচ্চিত্র সেন্সরশিপ বিধি’ অনুসারে পরিচালিত হয়ে আসছে। প্রস্তাবিত ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন’ পাস হলে সেন্সর বোর্ডের নামের পাশাপাশ বেশকিছু নীতিমালায়ও পরিবর্তন আসতে পারে।

পোস্টারেও মতো চলচ্চিত্রের ট্রেইলারও সেন্সর বোর্ড থেকে অনুমোদনের নীতিমালা যুক্ত হচ্ছে এ আইনে। ফলে অনুমোদন ছাড়া এখন ট্রেইলার প্রকাশেরও সুযোগ আর থাকছে না।

সেন্সর বোর্ডের এক কর্মকর্তা বলেন, “সেন্সরে জমা দেওয়ার আগে চলচ্চিত্রের প্রচারণার জন্য ট্রেইলারও সেন্সর বোর্ড থেকে অনুমোদন নিতে হবে। সেক্ষেত্রে চলচ্চিত্রটি আদৌ নির্মাণ হয়েছে কি না তার প্রমাণ দিতে হবে।”

পাশাপাশি এবার চলচ্চিত্রে ‘গ্রেডিং সিস্টেম’ চালু করা হচ্ছে; চলচ্চিত্রের নানা দৃশ্য শিশুমনে ‘কুপ্রভাব’ ফেলে এমন অভিযোগের ভিত্তিতেই নীতিমালায় বিষয়টি যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে।

নীতিমালার সঙ্গে যুক্ত থাকা সেন্সর বোর্ডের সাবেক এক সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোন গ্রেডের চলচ্চিত্রটি কোন বয়সী মানুষের জন্য উপযোগী, তা নির্ধারণ করবে গ্রেডিং সিস্টেম। ভয়াবহ দৃশ্য রয়েছে, এমন সিনেমাকে আমরা কোনোভাবেই শিশু উপযোগী সিনেমা বলব না। তাছাড়া একটি সিনেমা আদৌ সিনেমা কি না, সে বিষয়টিও ঠিক করা হবে।”

বর্তমান নীতিমালায় সিনেমার পোস্টার, ডায়াগ্রাম, স্কেচ, হ্যান্ডবিল প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের জন্য বোর্ডের অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। এর ব্যত্যয় ঘটলে তিন বছরের সশ্রম কারাদণ্ড, অথবা দশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।