রেজার কাজ করা দুই চলচ্চিত্র অস্কারে
এবার অস্কারে মনোনয়ন পাওয়া ‘ব্ল্যাক প্যান্থার’ ও ‘অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার’ চলচ্চিত্রে কাজ করেছেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা।
তিনি হলিউডের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স ইমেজ ওয়ার্কসের অ্যাসোসিয়েট প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত; সেখানে যোগ দেওয়ার আগে চলচ্চিত্র দুটিতে কাজ করেছেন বলে জানান তিনি।
তিনি জানান, প্রথম সুপার হিরো ফিল্ম হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছে ‘ব্ল্যাক প্যান্থার’। ছবিটির সঙ্গে চারমাস করেছেন তিনি।
এবার ভিএফএক্স ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া ‘অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার’ চলচ্চিত্রে তিনি কাজ করেছেন দুইমাস।
রেজা বলেন, “আমাদের কাজটা ছিল থর আর গার্ডিয়ান্স নিয়ে। প্রথম দুই মাসে আমরা কাজ করি স্পেসশিপ বানানোতে। রকেট যেটা চালায় সেটা। পাশাপাশি রকেট আর গ্রুট নতুন করে বানানো হয় ডিজনির কমিককনের জন্য। এছাড়া আমি এই শো’তে কাজ করা নতুন প্রোডাকশন কো-অর্ডিনেটরদের ট্রেইনিং দেই। প্রোডাকশন কিভাবে করতে হবে তার একটা গাইডলাইন তৈরি করি। ক্লায়েন্ট কল অর্গানাইজ করি।”
দু্টি চলচ্চিত্রে কাজ করলেও কোনোটির ক্রেডিট লাইনে তার নাম প্রকাশ করা হয়নি বলে আফসোসও জানিয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরেই হলিউডে কাজ করছেন রেজা। ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ছবির প্রজেক্ট কো-অর্ডিনেটর ছিলেন তিনি। ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’ ও ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর মতো চলচ্চিত্রের ভিজ্যুয়াল টিমে কাজ করেছেন তিনি। ২০১৭ সালে ‘ভিজ্যুয়াল ইফেক্টস’ বিভাগে ‘ডক্টর স্ট্রেইঞ্জ’ মনোনয়ন পেয়েছিল।
