এটিএন বাংলায় ‘ইন বিটুইন’
বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় শনিবার প্রচার হবে মুরাদ পারভেজের রচনা ও পরিচালনায় টেলিভিশন ফিকশন ‘ইন বিটুইন’।
নির্মাতা জানিয়েছেন, এটিএন বাংলায় শনিবার রাত ৯ টায় নাটকটি প্রচার হবে। এতে অভিনয় করেছেন ইমন, মাইমুনা ফেরদৌস মম, আর এ রাহুল।
নাটকের গল্পে দেখা যাবে, ইমনের স্ত্রী মম রাগ করে বাবার বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে এক রহস্যময় সিএনজিওয়ালা রাহুলের পাল্লায় পড়ে। ইমন-মম’র কথাবার্তা শুনে রাহুল বুঝে নেয় ওদের বাসা দিনের বেলা ফাঁকা। তাদের বাসায় চুরি করতে বউকে কাজের মেয়ে সাজিয়ে বাসায় পাঠায় রাহুল। ঘটনাক্রমে চাবিওয়ালার বেশে নিজেও ইমনের বাসার দরজায় হাজির হয় রাহুল। নাটকের গল্প মোড় নেয় ভিন্নদিকে।
ইমন-মম-রাহুল ছাড়াও এতে আরো অভিনয় করেছেন নাঈমা আলম মাহা, সাবরিন, সামিয়া নাহী, সাগর, জ্যোতি ও আহনাফ।
