প্রবীরের ‘ফ্রেমে বন্দি ভালোবাসা’
‘বেস্ট ফ্রেন্ড’ ও ‘লাভ ভার্সেস ক্রাশ’র পর এবার ভালোবাসা দিবস উপলক্ষে ছোটপর্দার নির্মাতা প্রবীর রায় চৌধুরী নির্মাণ করলেন একক নাটক ‘ফ্রেমে বন্দি ভালোবাসা’।
আগের দুটির মতো এতেও জুটি বেঁধেছেন ছোটপর্দার দুই অভিনয়েশিল্পী ফারহান আহমেদ জোভান ও মেহজাবিন চৌধুরী।
নির্মাতা প্রবীর গ্লিটজকে বলেন, “আগের দুটি নাটকে দর্শকের দারুণ প্রতিক্রিয়া পেয়েছি। তার ধারাবাহিকতায় একই জুটি নিয়ে কাজ করেছি। আশা করি, এটিও দর্শকদের ভালো লাগবে।”
গুড কোম্পানীর প্রযোজনায় নাটকটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও করেছেন প্রবীর।
নাটকের গল্পে দেখা যাবে, জোভান ঢাকায় থাকেন আর মেহজাবিন খুলনায়। অনলাইনে বন্ধুত্ব হয়। পারিবারিক এক অনুষ্ঠানকে ঘিরে দু’জনের সাক্ষাত হয়। গল্পে যোগ হয় ভিন্নমাত্রা।
১২, ১৩, ১৪ জানুয়ারি টানা তিনদিন রাজধানীর নবাবগঞ্জ ও উত্তরায় নাটকটির শুটিং হয়েছে।
নির্মাতা জানান, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।
