২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একবছর পর মঞ্চে প্রাঙ্গনেমোর এর ‘ঈর্ষা’

নতুন বছরে প্রথম সপ্তাহেই মঞ্চে নাটক নিয়ে আসছে ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2019, 06:54 PM

Updated : 25 Jul 2022, 08:10 PM

২০১৮ সালে ৩৫টি নাটক মঞ্চস্থ করেছে নাট্যদল প্রাঙ্গনেমোর। মঞ্চে এনেছে নতুন নাটক ‘হাছনজানের রাজা’। মঞ্চের অন্যতম সক্রিয় দলটি নতুন বছরের প্রথম সপ্তাহেই মঞ্চে আনছে জনপ্রিয় নাটক ‘ঈর্ষা’।  সৈয়দ শামসুল হক-এর কাব্যনাটক থেকে নির্মিত নাটকটি ‘প্রাঙ্গনেমোর’-এর ৮ম প্রযোজনা।

প্রায় একবছর পর আগামী ৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে নাটকটি।  নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।

নাটকটি সম্পর্কে তিনি বলেন, “‘ঈর্ষা’ নামের কাব্যনাটকের গল্প এতোটাই জীবন থেকে জীবনে বিস্তৃত আর দ্বন্দ্ব সংঘাতে মুখর যা বর্ণনাতীত। সেই সঙ্গে আছে আবার শিল্পের সঙ্গে শিল্পের দন্দ্ব আছে শিল্পীর সাথে শিল্পীর দন্দ্বও। আছে মানুষের সঙ্গে মানুষের এবং শিল্পীর সঙ্গে শিল্পীর প্রেম, ভালোবাসা; আছে মানব জীবনের আরেক অপরিহার্য এবং অত্যন্ত গোপন বিষয় শারীরিক সম্পর্ক বা যৌনতার কথা। আছে রূপসী বাংলার, শ্যামল উজ্জ্বল, রূপশালী গর্ভবতী ধানের বাংলার রূপের বর্ণনা, আছে মুক্তিযুদ্ধের মুল্যবোধও। সব মিলিয়ে জীবন ও জীবন উত্তীর্ণ শিল্পের নানা প্রসঙ্গের সম্মিলন ঘটেছে নাটকটিতে।”

৭টি সংলাপ ও ৩টি চরিত্র নিয়ে নির্মিত নাটকটির সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং সবচেয়ে ছোট সংলাপটি ১৬ মিনিটের। নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা।  নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন শাহীনুর রহমান, আলো জিল্লুর রহমান, সংগীত রামিজ রাজু ও পোশাক নূনা আফরোজ।