জয়ার হাতে ‘প্রেম ছাড়ানোর গোপন উপায়’
ভালোবাসা দিবস উপলক্ষে নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় অনলাইন প্লাটফর্ম হৈচৈ এর জন্য নির্মানাধীন এ চলচ্চিত্রটির নাম ‘প্রেম ছাড়ানোর গোপন উপায়’।
এতে জয়ার সহশিল্পী হিসেবে আছেন অনির্বাণ ভট্টাচার্য ও বিক্রম চ্যাটার্জি।
কলকাতার বিভিন্ন লোকেশনে বৃহস্পতিবার চলছে চলচ্চিত্রটির চিত্রধারণ।
এ প্রসঙ্গে শুক্রবার কলকাতা থেকে জয়া আহসান গ্লিটজকে বলেন, ভালোবাসা দিবসের শর্টফিল্ম এটি। হৈচৈ বেশ কিছু শর্টফিল্ম করছে, তার মধ্যে একটিতে অভিনয় করছি আমি। সুমন দা'র সাথে আমার প্রথম কাজ। আমার প্রিয় পরিচালকদের একজন। তিনি আমাকে কাস্ট করেছেন এটা ভালোলাগার।”
আন্তন চেকভের গল্প অবলম্বনে রোমান্টিক এই ছবি নির্মাণ হচ্ছে বলে জানান জয়া আহসান। এর আগে জয়া অভিনীত স্বল্পদৈর্ঘ্যের ‘ভালোবাসার শহর’ ছবিটি প্রশংসিত হয়।
এদিকে দুই বাংলাতেই সমানতালে নিজের জনপ্রিয়তা কুড়িয়ে নিচ্ছেন জয়া আহসান। বাংলাদেশে চলতিবছর নিজের প্রযোজনায় নির্মিত ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে দেশে যেমন বছর সেরা জনপ্রিয় অভিনেত্রী হিসেবে আলোচিত হচ্ছেন তেমনি ভারতেও বছর সেরা বাঙালী অভিনেত্রী হিসেবে তাকে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, “এখানকার দর্শকতো বরাবরই আমার সাপোর্টে ছিলো। গণমাধ্যমও সে সূত্রে পাশে থেকেছে। বর্ষসেরা কিনা জানি না, তারা যে আমার ভালো কাজটিকে নোটিস করেছে এটা ভালোলাগার। ”
সৃজিত মুখার্জি পরিচালিত ‘এক যে ছিল রাজা’ ছবিতে ‘মৃন্ময়ী’ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এ খেতাব দেওয়া হয় তাকে।
নতুন বছরে টলিউডে মুক্তি পেতে যাচ্ছে জয়া অভিনীত ‘বিজয়া’। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবিটি ‘বিসর্জন’-এর সিক্যুয়েলটি মুক্তি পাবে বাংলাদেশেও। এছাড়াও দেশে জয়া অভিনীত ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রটিও মুক্তি পেতে যাচ্ছে। এদিকে ‘দেবী’ চলচ্চিত্রের সাফল্যের পর প্রযোজক জয়া নতুন বছরে নির্মাণ করবেন চলচ্চিত্র ‘ফুড়ুৎ’।
