২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণাঢ্য আয়োজনে বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বিটিভির ৫৫তম জন্মবার্ষিকী উদযাপন করলো বেসরকারি টেলিভিশন চ্যনেল আই।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2018, 06:03 PM

Updated : 11 Oct 2022, 12:51 PM

২৫ ডিসেম্বর ছিল বিটিভির ৫৫তম জন্মদিন। ১৯৬৪ সালের এদিনে যাত্রা শুরু করে চ্যানেলটি। প্রতি বছরের মতো এবারও বিটিভির জন্মদিন উদযাপন করেছে চ্যানেল আই।

চ্যানেল আই'র নিজস্ব প্রাঙ্গণে নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি বিটিভিসংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে বিটিভির বর্ণিল পথচলার স্মৃতিচারণে মুখর হয় অনুষ্ঠানস্থল।

চ্যানেল আইর প্রতিদিনের আয়োজন ‘গানে গানে সকাল শুরু’র পর্বটি বিশেষভাবে সাজানো হয় বিটিভির জন্মদিনকে ঘিরে।

শীতের হিম হিম ঠান্ডায় অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে সুরের ধারার শিল্পীদের কণ্ঠে সমবেত ও রেজওয়ানা চৌধুরী বন্যার একক সঙ্গীত পরিবেশনা।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। তিনি বলেন, “বাঙালির হাজার বছরের কৃষ্টি-কালচারের ঐতিহ্য ধরে রেখেছে বিটিভি। শিল্প-সংস্কৃতির বিকাশে বিটিভির ভূমিকা অপরিসীম। বিটিভির পথ ধরে আজকের এই বিশাল গণমাধ্যমের সৃষ্টি। প্রতিষ্ঠানটির জন্মদিনে এমন একটি আয়োজন করতে পেরে আমরা ও আমাদের প্রতিষ্ঠান গর্বিত। ”

চ্যানেল আই এর পক্ষে আরো বক্তব্য রাখেন পরিচালক মুকিত মজুমদার বাবু। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আই এর আরেক পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। বক্তব্য রাখেন বিটিভির মহা-ব্যবস্থাপক হারুন অর রশীদ ও সচিব আব্দুল মালিক।

বিটিভির শুরু ও সেই সময়ের বিভিন্ন কর্মকান্ড নিয়ে স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। দীর্ঘ দিনের বন্ধু ও সহকর্মীকে কাছে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

আবার অনেকে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠেন। চা, পিঠা-পুলি, আলুর দম ও লুচি খোশ গল্পের রেশটা আরো দীর্ঘ করে দেয়।

অতিথিদের ভাষ্যে- “এমন আনন্দঘন মুহুর্ত আমাদের অনেকের জীবনে হয়তো আগামীর এমন দিন আসতে আসতে ফুরিয়ে যাবে, হয়তো আমাদের জীবনে এটাই শেষ দেখা।”

বিটিভি নিয়ে স্মৃতিচারণ করেন- মুস্তাফা মনোয়ার, আজাদ রহমান, শফিকুর রহমান, কেরামত মওলা, কামরুন্নেসা হাসান, জহিরুদ্দিন মামুন, সৈয়দ হাসান ইমাম, মহিউদ্দিন ফারুক, সালাউদ্দিন আহমেদ, আলী ইমাম, সাংবাদিক সাইফুল আলম, সৈয়দ আব্দুল হাদী, নাসির আহমেদ, শাহিদা আরবী, খায়রুল আলম সবুজ,  কে এস ফিরোজ, গাজী আব্দুল হাকিম, রেজাউল করিম, মনোজ সেনগুপ্ত, লায়লা হক, ঝুনা চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শেষে রেজওয়ানা চৌধুরী বন্যা, সৈয়দ আবদুল হাদী, দিনাত জাহান মুন্নী, সেরাকন্ঠের শিল্পীরা একই মঞ্চে ‘ধনধান্য পুস্পে ভরা’ গানটি সুরের ধারার শিল্পীদের সঙ্গে নিয়ে পরিবেশন করেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দিলরুবা সাথী। সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই এবং বাংলাদেশ টেলিভিশন।