প্রিয়তা জিতলেন মুকুট, কণ্ঠে ঝরলো অভিমান
‘মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড ২০১৮’ -এর মুকুট জিতলেন বাংলাদেশের মেয়ে প্রিয়তা ফারলিন ইফতেখার। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এ মুকুট তার মাথায় উঠলেও দেশিয় গণমাধ্যমে খবরটি প্রচার না হওয়ায় অভিমান প্রকাশ করেছেন ‘ফ্ল্যাগ গার্ল’খ্যাত এ মডেল।
বিশ্বব্যাপী সংস্কৃতি আদান প্রদানের লক্ষ্যে জিম্বাবুয়ের জাতীয় ব্র্যান্ডিং ও বিনিয়োগ ফার্মের আয়োজনে ৫০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড প্রতিযোগিতা। ১৬ ডিসেম্বর চূড়ান্ত পর্বে জিম্বাবুয়ের হারারেতে, দ্য ভেন্যু অ্যাভান্ডলেতে ১৫টি দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে মুকুট জেতেন বাংলাদেশের প্রিয়তা।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন জাম্বিয়ার বিশ্বাস মুকনকো এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন জিম্বাবুয়ের ওয়েন্ডি মাতুরি। মিস পারসোনালিটির খেতাব পেয়েছেন রাশিয়ার আন্না কিরিলিনা এবং ডেস্টিনেশন মার্কেটিং-এর অ্যাম্বাসেডর হয়েছেন রুয়ান্ডারমারি ওথেনস উওয়াকু।
মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড প্রতিযোগিতায় এটি বাংলাদেশের প্রথম অর্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেন প্রিয়তা নিজেই।
তবে, পুরস্কারপ্রাপ্তির পর দেশে বিদেশে নানা গণমাধ্যমে প্রিয়তার মুকুট জয়ের খবর ফলাও করে প্রচার হলেও দেশের গণমাধ্যমে খবরটি যথাযথভাবে প্রচারিত না হওয়ায় অভিমান ঝরেছে তার কণ্ঠে।
জিম্বাবুয়ে থেকে ফেইসবুক লাইভে এসে প্রিয়তা বলেন, “এতো কষ্ট করবো, নিজেদের পড়াশোনা, ক্যারিয়ার স্যাক্রিফাইস করে প্রিপারেশন নিয়ে আসবো, ভালো কিছু হলে তা প্রচার হবে না অন্যদিকে, যখন খারাপ কিছু হবে, তাকে নিয়ে ব্যঙ্গ করবো, ভাইরাল হওয়া নিয়ে ব্যস্ত থাকবো, তাহলে আমার মনে হয়না প্রয়োজন আছে ভালো কিছু উপহার দেয়া। পৃথিবীর যে কোন দেশ, যারা যতো খুশী আমাকে নিয়ে লিখুক কিন্তু আমার দেশ যদি আমাকে প্রচার করার প্রয়োজন না মনে করে আমি আমার মুকুট সেকেন্ড রানার আপকে দিয়ে দিবো।”
প্রিয়তা জানান, মুকুট জয়ের পরও বেশ কিছুদিন সেখানে থাকছেন তিনি। বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র ও পর্যটন শিল্প নিয়ে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংগঠনের সঙ্গে আলাপকালে বাংলাদেশকে তুলে ধরছেন তিনি।
এর আগে প্রিয়তা ইফতেখার মিস ট্যুরিজম ওয়ার্ল্ড, মিস মাল্টিন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা ও ইভেন্টে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে নারী ও সামাজিক উন্নয়নে অবদান রাখায় এ বছর জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডও পেয়েছেন প্রিয়তা
ভ্রমনপ্রিয় প্রিয়তা পর্যটন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তাকে ব্র্যান্ড এম্বেসেডর ঘোষণা করে। বিশ্বব্যাপী প্রিয়তা দ্য ফ্ল্যগ গার্ল বা পতাকা বালিকা হিসেবে পরিচিতি পেয়েছেন তার বিভিন্ন দেশের বন্ধুদের মাধ্যমে তৈরি করা একটি নেটওয়ার্কের মাধ্যমে। ২০০৮ সালে প্রিয়তা প্রতিষ্ঠা করেন ‘দি ফ্ল্যাগ গার্ল’ নামের একটি নেটওয়ার্ক।
এ নেটওয়ার্ক কাজ করছে দেশ ও বিদেশের নারীদের নিয়ে। তবে নেটওয়ার্কের সদস্যদের মধ্যে নারী-পুরুষ সবাই আছেন। বর্তমানে সদস্য সংখ্যা ১ হাজার ৩০০। ৫০ শতাংশ সদস্য বাংলাদেশি। অন্য ৫০ শতাংশ সদস্যদের বাস বিশ্বের বিভিন্ন দেশ।
নারী সাংবাদিকতার অগ্রদূত নূরজাহান বেগম হলেন প্রিয়তার নানি। আর নানা হলেন কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা, সাংবাদিক রোকনুজ্জামান খান (দাদাভাই)।
