২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমজাদ হোসেনের মরদেহ ঢাকায়, নেওয়া হবে শহীদ মিনারে

চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের মরদেহ থাইল্যান্ড থেকে দেশে আনা হয়েছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2018, 12:01 AM

Updated : 19 Aug 2022, 03:04 PM

সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকাল ১১টায় তার কফিন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে বলে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক জানিয়েছেন।

তিনি গ্লিটজকে বলেন, “সন্ধ্যায় তার মরদেহ দেশে পৌঁছানোর পর প্রথমে তার বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনি যে মসজিদে নিয়মিত নামাজ পড়তেন আদাবরের বায়তুল আমান মসজিদে তার জানাজা হয়েছে।

“এখন তার মরদেহ বারডেমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানকার হিমঘরে রাতে রাখা হবে। শনিবার সকাল ১১টায় সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে রাখা হবে।”

থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার মারা যান ৭৬ বছর বয়সী আমজাদ হোসেন।

অলিক জানান, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ কারওয়ানবাজারে এটিএন বাংলার কার্যালয়ে নেওয়া হবে। এরপর শিল্পী-নির্মাতা সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে এফডিসিতে। সর্বশেষ চ্যানেল আই কার্যালয়ের সামনে নেওয়া হবে কফিন।

পরিবারের ইচ্ছায় জামালপুরে নিজ গ্রামে আমজাদ হোসেনের বাবা নুরউদ্দিন সরকারের কবরেই তাকে সমাহিত করা হবে বলে জানান তিনি।

১৯৪২ সালের ১৪ অগাস্ট জামালপুরে জন্ম নেওয়া আমজাদ হোসেন চিত্র পরিচালনার বাইরে লেখক, গীতিকার, অভিনেতা হিসেবেও পরিচিত ছিলেন।

‘হারানো দিন’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে ১৯৬১ সালে রুপালি পর্দায় তার আগমন। পরে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় তিনি বেশি সময় দেন।

১৯৬৭ সালে মুক্তি পায় তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘খেলা’। সাড়া জাগানো চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’র চিত্রনাট্য লেখায় জহির রায়হানের সঙ্গে আমজাদ হোসেনও ছিলেন।

তার ‘নয়নমনি’, ‘ভাত দে’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘কসাই’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রও দর্শক ও বোদ্ধামহলের প্রশংসা পায়। তার লেখা ও নির্মিত টিভি নাটকও ছিল জনপ্রিয়।

গান লেখায়, চিত্রনাট্যে ও পরিচালনায় চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আমজাদ হোসেন। এছাড়া সরকার তাকে একুশে পদকেও ভূষিত করে।