সবাই বেশ পছন্দ করেছে আমাদের: নুসরাত ফারিয়া
কলকাতার নায়কদের বিপরীতে পরিচিত মুখ নুসরাত ফারিয়া এই প্রথম ঢাকার চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে অভিনয় করলেন। তবে চলচ্চিত্র নয়, শাকিব খানের সঙ্গে বিজ্ঞাপনে এসেই বেশ সাড়া মিলছে বলে জানিয়েছেন তিনি।
আদনান আল রাজীব নির্মিত বাংলালিংকের বিজ্ঞাপনে নতুন এ জুটিকে বৃহস্পতিবার থেকে দেখতে পাচ্ছেন দর্শক।
নুসরাত ফারিয়া বললেন, “খুব ভালো রেসপন্স পাচ্ছি। সবাই বেশ পছন্দ করেছে আমাদের।”
বিজ্ঞাপনের সাফল্যের হাওয়া কি বড়পর্দায়ও দোলা দেবে, সেই প্রশ্নের জবাব পেতে চলচ্চিত্রপ্রেমীদের অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।
এদিকে খ্রিস্টীয় বছরের প্রথম দিনকে স্বাগত জানাতে ফারিয়া ছুটছেন কলকাতায়। এ ৩১ ডিসেম্বর থেকে টানা তিনদিন কলকাতার বিভিন্ন মঞ্চ মাতাবেন তিনি। শো গুলোতে ফারিয়া ছাড়াও কলকাতা ও মুম্বাইয়ের তারকারাও উপস্থিত থাকবেন।
ফারিয়া গ্লিটজকে বলেন, “৩১ তারিখ কলকাতার সবচেয়ে বড় শোতে পারফর্ম করব। আমার পারফর্মেন্সটা বিশেষ কেননা আমি কাউন্ট ডাউনের সময় পারফর্ম করব। ২৯ তারিখই কলকাতা চলে যাচ্ছি। টানা তিনদিন শো।”
শোগুলোতে নিজের অভিনীত চলচ্চিত্রগুলোর গান ছাড়াও নিজে কণ্ঠ দেওয়া ‘পটাকা’ গান পরিবেশন করবেন নুসরতা ফারিয়া।
