২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় চলচ্চিত্রকার টুটুল

‘আধিয়ার’ খ্যাত চলচ্চিত্রকার সাইদুল আনাম টুটুলকে বৃহস্পতিবার বিকেল ৩টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2018, 10:14 PM

Updated : 08 Apr 2022, 07:30 PM

এর আগে সকাল ১১টায় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায় এ নির্মাতাকে। সেখানে হাজির হয়েছিলেন তার আত্মীয়-স্বজন, সহকর্মী ও অনুরাগীরা।

শ্রদ্ধা জানাতে এসেছিলেন তার স্ত্রী মোবাশ্বেরা খানম, মুস্তাফা মনোয়ার, সৈয়দ সালাউদ্দিন জাকি, মামুনুর রশীদ, মসিউদ্দিন শাকের, রাইসুল ইসলাম আসাদ, শিশুসাহিত্যিক আলী ইমাম, ড. মুহম্মদ জাফর ইকবাল ও ইয়াসমিন হক, তারিক আনাম খান, ফরিদুর রেজা সাগর, কেরামত মওলা, কে এস ফিরোজ, গাজী রাকায়েত, নিমা রহমান, ভাস্বর বন্দপাধ্যায়, লিয়াকত আলী লাকী, মঞ্চসারথি আতাউর রহমানসহ আরও অনেকে।

মোবাশ্বেরা খানম বলেন, “আজ এখানে এসে আমি যা দেখছি তাতে আমি অভিভূত হচ্ছি। সেই সাথে অত্যন্ত বেদনার সাথে ইতিহাসের একটি নির্মম সত্যকে মনে হচ্ছে। শিল্পী-সাহিত্যিক যারা সৃজনশীল কাজে জড়িত তারা মৃত্যুর পরে স্বীকৃতি পান, বেঁচে থাকতে নয়। সেই সত্য আবারও প্রমাণ হলো। বেঁচে থাকতে তার ভেতর কষ্ট ছিল।

সৃজনশীল যেই তাড়নায় সে তাড়িত হতো, সেই কাজ সে সবসময় করতে পারেনি। কারণ শিল্পীদের তাড়না থাকে, কিন্তু সামর্থ্য থাকেনা। আর সামর্থ্য যাদের থাকে, তারা শিল্প চান না। তারা চান ব্যবসা। টুটুল নৈতিকতার প্রশ্নে আপোষহীন ছিল।”

শ্রদ্ধা জানাতে এসে তারিক আনাম খান বলেন, “তার পুরো নাম সাইদুল আনাম খান, আমার নাম তারিক আনাম খান। আমার আপন চাচাতো ভাই। আমাদের পরিবারের যারাই এই সংস্কৃতি অঙ্গনে কাজ করেন তাদের কাছে সাইদুল আনাম টুটুল অনেক বড় অনুপ্রেরণা।

তার স্বপ্নের চলচ্চিত্র ‘কালবেলা’ যেন তার মতো করে শেষ করা হয়, তথ্য মন্ত্রণালয়সহ ছবিটির সঙ্গে যুক্ত সবাইকে অনুরোধ করছি আমি।”

চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, “তার মতো গুণী মানুষের চলে যাওয়া আমাদের জন্য অনেক বড় ক্ষতির। সে নিভৃতে মানুষের মধ্যে শিল্প ছড়িয়েছে। আপাদমস্তক একজন শিল্পযোদ্ধা ছিলেন।”

শহীদ মিনার থেকে তার মরদেহ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে; বাদ জোহর সেখানে জানাজা শেষে মিরপুরে দাফন করা হয়।

গত বুধবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।  জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী টুটুলের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

তেভাগা আন্দোলন নিয়ে আধিয়ার নির্মাণের মধ্য দিয়ে পরিচিতি ছড়ালেও চলচ্চিত্র সম্পাদনার জন্য এই জগতে টুটুলের খ্যাতি অনেক আগে থেকে। সম্পাদনার জন্য ১৯৭৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন তিনি।

‘কালবেলা’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের কাজে হাত দিয়েছিলেন টুটুল; কাজ অনেকটা এগিয়েছিল, তা শেষ করার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

চলচ্চিত্র আন্দোলনের কর্মী টুটুল ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজে সক্রিয় ছিলেন। নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

সাইদুল আনাম টুটুলের জন্ম ১৯৫০ সালের ১ এপ্রিল পুরান ঢাকায়। সরকারি মুসলিম স্কুল থেকে ১৯৬৭ সালে মাধ্যমিক এবং ১৯৭১ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। ঢাকা কলেজে পড়ার সময় টুটুল চলচ্চিত্র সংসদ আন্দোলনে যুক্ত হন।

১৯৭১ সালের মার্চে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনিও তাতে যোগ দেন। ৬ নম্বর সেক্টরের আওতায় খুলনা অঞ্চলে সম্মুখ সমরে অংশ নেন তিনি।

মুক্তিযুদ্ধের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন টুটুল; কিন্তু তার ঝোঁক ছিল চলচ্চিত্রেই।

১৯৭৪ সালে ভারতের আইসিসিআর বৃত্তি নিয়ে পড়তে যান পুনের চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে। সেখানে চলচ্চিত্র সম্পাদনার উপর পড়াশোনা শেষ করে তিনি ১৯৭৮ সালে বাংলাদেশে ফিরে আসেন।

১৯৭৯ সালে ‘সূর্য দীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান টুটুল। ‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ ও ‘দুখাই’র মতো চলচ্চিত্র সম্পাদনাও করেন তিনি। গড়ে তোলেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আকর’।

সরকারি অনুদানে নির্মিত সাইদুল আনাম টুটুলের প্রথম চলচ্চিত্র ‘আধিয়ার’ মুক্তি পায় ২০০৩ সালে।

কালবেলা নামে নিজের নতুন চলচ্চিত্র নির্মাণে ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদান পান তিনি। তার কাজই করছিলেন।

নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র বিষয় শিক্ষকের কাজও করতেন টুটুল। বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট, বিভিন্ন চলচ্চিত্র সংসদের আয়োজনে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ও চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ কর্মশালায় তিনি চলচ্চিত্র ভাষা ও চলচ্চিত্র সম্পাদনা বিষয়ে পাঠদান করতেন। 

টুটুল টেলিভিশনের জন্যও গুরুত্বপূর্ণ অনেক নাটক তৈরি করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল নাল পিরান, বখাটে, সেকু সেকান্দর, ৫২ গলির এক গলি, আপন পর, গোবর চোর, হেলিকপ্টার, নিশিকাব্য, অপরাজিতা।

টুটুল বাংলাদেশের বিজ্ঞাপনচিত্র নির্মাণের ধারায়ও প্রভূত পরিবর্তন এনেছিলেন। তিনি প্রায় চার শতাধিক বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন।