৫০তম মঞ্চায়নে ‘কহে বীরাঙ্গনা’
মনিপুরী থিয়েটারের জনপ্রিয় নাটক কহে বীরাঙ্গনা’র ৫০ তম মঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পকলায়।
২০১০ সালের ৩০ ডিসেম্বর মঞ্চযাত্রা শুরু করে মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য অবলম্বনে ‘কহে বীরাঙ্গনা’। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। মহাভারতের নারী চরিত্র ‘শকুন্তলা’, ‘দ্রৌপদী’, ‘দুঃশলা’ ও ‘জনা’কে নিয়ে তৈরি হয়েছে এ নাটকের গল্প।
নাটকটির ৫০তম মঞ্চায়ন উপলক্ষে তিনটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে মনিপুরি থিয়েটার। আগামী ৯ ও ১০ নভেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে নাটকটির ৫০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও এর আগে ৮ নভেম্বর বনানীস্থ সাধনা স্টুডিওতে একটি বৈঠকি শো আয়োজন করা হবে।
নাটকটির ৫০ পূর্তিতে উচ্ছ্বসিত মনিপুরি থিয়েটার। দলটির অধিকর্তা শুভাশিস সিনহা গ্লিটজকে বলেন, “যে কোনো থিয়েটার দলের জন্য কোনো প্রযোজনার ৭৫তম প্রদর্শনী করতে পারা দারুণ আনন্দের। আর সেই প্রদর্শনীগুলো যদি গ্রাম থেকে শুরু করে শহরে, জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে এবং দেশের বাইরে প্রায়শই অনুষ্ঠিত হয়ে থাকে, সব পরিসরেই প্রশংসা পায়, তা অন্যরকম ভালো লাগা তৈরি করে। ‘কহে বীরাঙ্গনা’র ক্ষেত্রে তা-ই হয়েছে।
তিনি আরও বলেন, “আমি মনে করি, অভিনয়ের ক্ষেত্রে শরীর-বচন-মুদ্রা-সংগীত-অভিব্যক্তি সবকিছুকে একাত্ম করে এক ধরণের এনার্জেটিক ও অর্গানিক ইউনিটির অভিনয়রীতি এ নাটকে ধারণ করা গেছে, দেশজ হয়েও যা বৈশ্বিক, জ্যোতি সিনহা যার অনুপুঙ্খ রূপায়নকারী। পরবর্তীকালের অনেক নাটকের অভিনয়শৈলীতে এর প্রভাব লক্ষ্য করা গেছে। এটা অবশ্যই আনন্দের।”
নাটকটিতে একক অভিনয় করছেন জ্যোতি সিনহা। এছাড়াও মূল অভিনেত্রীর সঙ্গে ভাবমুদ্রা রূপায়ণে থাকবেন স্মৃতি সিনহা, অরুণা সিনহা, প্রিয়াঙ্কা সিনহা, অনামিকা চ্যাটার্জী। সঙ্গীতে থাকবেন শর্মিলা সিনহা, বাদ্যে থাকবেন বিধান চন্দ্র সিংহ, বাবুচাঁন সিংহ।
দেশের মঞ্চ ছাড়াও ভারত ও বাংলাদেশের বিভিন্ন মঞ্চে নাটকটির প্রদর্শনী প্রশংসা অর্জন করে। ভারতের টাইমস অফ ইন্ডিয়ার আমন্ত্রণে কলকাতায় নাটকটির প্রদর্শনী প্রশংসা অর্জন করে।
সেরা মঞ্চনাটক হিসেবে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রদত্ত আব্দুল জব্বার খান পদক অর্জন করে ‘কহে বীরাঙ্গনা’। এ ছাড়া ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণে আসাম ও ত্রিপুরায় নাটকটির প্রদর্শনী হয়।
