‘দেবী’র বিরুদ্ধে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ
জয়া আহসানের প্রযোজনায় অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘দেবী’র বিরুদ্ধে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির তরফ থেকে অভিযোগ করা হয়, ব্যাপকভাবে ধূমপানের দৃশ্য ব্যবহারের কারণে সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ‘দেবী’ এরই মধ্যে দেশের তামাকবিরোধীদের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। আইন অনুযায়ী ধূমপানের দৃশ্য প্রদর্শন নিষিদ্ধ হলেও, রাষ্ট্রীয় অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রে বারবার আনা হয়েছে ধূমপানের দৃশ্য।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সিনেমাটির ফার্স্টলুক পোস্টারে ধূমপানের দৃশ্য ব্যবহার করা হয়। তামাকবিরোধী সংগঠনগুলোর প্রতিবাদের মুখে সেটি পরিবর্তন করা হয়েছিল।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত ২০১৩)-এর ৫(ঙ) ধারায় সিনেমা, নাটক এবং প্রামাণ্যচিত্রে ধূমপান ও অন্যান্য তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। কোন ব্যাক্তি এই ধারার বিধান লংঘন করলে অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডণীয় হবে এবং একই ব্যাক্তি পুনরায় এই ধরনের অপরাধ সংঘটন করলে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডণীয় হবেন।
আইন অনুসারে, ২০১৩ সালের ০২ মে পরবর্তী যেকোন সময়ে বাংলাদেশে প্রস্তুতকৃত সিনেমায় তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য প্রদর্শন দণ্ডণীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
১৯ অক্টোবর ২০১৮ থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহে দেবী সিনেমাটির প্রদর্শন শুরু হলেও তামাক নিয়ন্ত্রণ আইনের এই সুস্পষ্ট নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ প্রজ্ঞার।
সিনেমাটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গত ১১ অক্টোবর যে ট্রেইলার মুক্তি দেয়া হয়, তাতেও আইন লঙ্ঘন করা হয়েছে।
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ‘দেবী’ উপন্যাস থেকে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। উপন্যাসের মিসির আলি বাংলাদেশে কিশোর ও তরুণ পাঠকদের জনপ্রিয় চরিত্র। একাধারে নিষ্ঠাবান পাঠক, বিজ্ঞানমনস্ক পরিশ্রমী গবেষক, নিখুঁত পর্যবেক্ষক এবং অনন্য রসবোধের অধিকারী এই মিসির আলি।
সংগঠনটির দাবি, দেবী সিনেমায় মিসির আলির যেমন চিত্রায়ন হয়েছে, তেমনটা চালু থাকলে মিসির আলির চরিত্র অনুসরণ করা অসংখ্য কিশোর ও তরুণভক্তরা ধূমপানকেও উপরিল্লিখিত গুণাবলীর একটি অবিচ্ছেদ্য অনুষঙ্গ হিসেবে ধরে নিতে পারেন, যা সন্দেহাতীতভাবে বাংলাদেশের জনস্বাস্থ্যকে চরম ঝুঁকিতে ফেলবে।
সংগঠনটির অভিযোগের প্রেক্ষিতে সেন্সরবোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছবির শুরুতে যদি ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা থাকে তাহলে তো সমস্যা হওয়ার কথা না।”
কিন্তু আইন বলছে, চলচ্চিত্রে কোনো ধূমপানের দৃশ্য নিষিদ্ধ। চলচ্চিত্রে ‘মিসির আলী’ চরিত্র একাধিক ধূমপান করেছে বলে অভিযোগ প্রজ্ঞা’র।
নওশাদ বলেন, “বিষয়টি নিয়ে আগামীকাল সেন্সরবোর্ডের অন্যান্য সদস্যের সঙ্গে কথা বলব।”
চলচ্চিত্রের পরিচালক অনম বিশ্বাস ও প্রযোজক জয়া আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
