শিল্পকলার মঞ্চে ‘শেষ সংলাপ’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বুধবার সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে সময় নাট্যদলের ‘শেষ সংলাপ'।
এদিন নাটকটির ৭৯তম প্রদর্শনী করবে দলটি।
মিশরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী।
নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। নাটকটির পোস্টার ডিজাইন করেছেন শিল্পী ঢালী আল মামুন, মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনায় কমল খালিদ, পোষাক পরিকল্পনায় আমিনুর রহমান মুকুল এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন।
মিসরের এক সুলতান উত্তরাধিকারী হিসেবে তাঁর পালিত পুত্র একজন ক্রীতদাস সেনাধ্যক্ষকে মনোনীত করেন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ মৃত্যুকালে তিনি তাঁর মসনদের উত্তরাধিকারী সুলতানকে দাসত্ব থেকে মুিক্ত দিয়ে যেতে পারেননি। পরবর্তীতে সুলতানের উত্তরাধিকারীত্বের বৈধতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দেয় এবং জটিলতার সৃষ্টি হয়। সমস্যার সমাধান হবে কোন পথে? আইনী পদ্ধতিতে নাকি অস্ত্র প্রয়োগে? কোন পথ বেছে নেবে সুলতান? এই সমস্যারই এক জটিল শিল্পিত রসায়ণ 'শেষ সংলাপ।’
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ফখরুল ইসলাম মিঠু, চন্দন, রুমা, মানসুরা আক্তার লাভলী, মাহমুদুল আলম, ইয়ামিন জুয়েল, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম, দাউদ, সানি প্রমূখ।
