মহিলা সমিতি মঞ্চে রবীন্দ্রনাথের পাঁচ নাটক
মহিলা সমিতির মঞ্চে রবীন্দ্রনাথের রচনা অবলম্বনে পাঁচ নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে প্রাঙ্গনেমোর নাট্যদল।
“মহিলা সমিতি আমাদের ঐতিহ্যবাহী মঞ্চ যেখানে বাংলাদেশের নাট্যচর্চা বেড়ে উঠেছে। বিকশিত হয়েছে। সেই মহিলা সমিতি আবার দীর্ঘ বিরতির পর চালু হলেও এখন পর্যন্ত নিয়মিত প্রদর্শনী হচ্ছেনা বা দর্শকও অভ্যস্ত হয়ে উঠছেনা। তাই মহিলা সমিতিকে জমিয়ে তোলা আমাদের দায় মনে করেছি।”
রাজধানীর বেইলি রোডে নবনির্মিত মহিলা সমিতি মঞ্চে রবীন্দ্রনাথের পাঁচ নাটক মঞ্চায়ন প্রসঙ্গে এমনটাই বলছিলেন নির্দেশক ও অভিনেত্রী নূনা আফরোজ। প্রাঙ্গনেমোর নাট্যদলের আয়োজনে আগামী ২ থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অবলম্বনে নির্মিত পাঁচ নাটকের প্রদর্শনী।
রবীন্দ্রনাথের নাটক দিবস ভিত্তিক আয়োজনের বৃত্তে বন্দী থাকুক এমনটা চান না নূনা আফরোজ। তিনি বলেন, “আমাদের যেহেতু পাঁচটি রবীন্দ্র প্রযোজনা রয়েছে তাই ভাবলাম রবীন্দ্র নাটক নিয়ে একটা বিশেষ আয়োজন করিনা কেন। তাছাড়া রবীন্দ্রনাথের নাটক বিশেষ দিবসে আটকে থাকবে তা আমরা কখনোই মনে করি না। আমরা প্রাঙ্গণেমোর সারা বছরই রবীন্দ্রনাথের নাটক করি। তাইতো এই বিশেষ আয়োজন ‘রবীন্দ্রনাথে পাঁচদিন প্রাঙ্গণেমোর’।
প্রাঙ্গনেমোর জানায় ২ নভেম্বর শেষের কবিতা, ৩ নভেম্বর শ্যামাপ্রেম, ৪ নভেম্বর ‘আমিও রবীন্দ্রনাথ’, ৫ নভেম্বর ‘রক্তকরবী’ ও ৬ নভেম্বর ‘স্বদেশী’ নাটকটি মঞ্চস্থ হবে। এ আয়োজনের উদ্বোধন করবেন প্রখ্যাত নির্দেশক সৈয়দ জামিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইডিএলসি ব্যাংকের সিইও আরিফ খান।
