২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই আন্তর্জাতিক উৎসবে ‘ভুবন মাঝি’

২০১৭ সালের ৩ মার্চ বাংলাদেশে মুক্তি পেয়েছিল সরকারি অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। এরপর ছবিটি বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে অংশ নেয়। সেই ধারাবাহিকতায় চলতি মাসে আরও দুটি উৎসবে অংশ নিচ্ছে ছবিটি। এগুলো হলো গোয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও বার্সেলোনার এশিয়ান চলচ্চিত্র উৎসব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 05:43 PM

Updated : 08 Apr 2022, 07:14 PM

গত ২৫ অক্টোবর থেকে ভারতের গোয়াহাটিতে শুরু হয়েছে ‘গোয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। সাত দিনের এই উৎসবের সমাপনী হবে ৩১ অক্টোবর। অন্যদিকে ৩১ অক্টোরব থেকে শুরু হচ্ছে স্পেনের বার্সেলোনায় ‘এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’।

উৎসব দু’টিতে অংশ নেওয়া প্রসঙ্গে নির্মাতা ফাখরুল আরেফীন খান বলেন, ‘ছবিটি এরই মধ্যে বিশ্বের অনেক দেশে প্রদর্শিত হয়েছে। এটা আমার জন্য অনেক ভালো লাগার যে, বিশ্বের অনেক দেশের প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি বিদেশীরাও ছবিটি দেখছেন। সেই ধারাবাহিকতায় এবারের বার্সেলোনা ও ভারতের গোয়াহাটির দুটি উৎসবে অংশ নিচ্ছে ছবিটি।”

গোয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ভুবন মাঝি’র প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ নির্মাতা। 

১৯৭১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিস্তৃত ইতিহাস ও প্রেম, বিদ্রোহ ও মানবিকতা, স্বাধীনতা ও সংস্কৃতি নিয়ে গড়ে উঠেছে ‘ভুবন মাঝি’র গল্প।

ছবিতে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, কাজী নওশাবা আহমেদ, সুমিত সেন, সুষমা সরকার, মামুনুর রশীদ, শুভাশীষ  ভৌমিক, ওয়াকিল আহাদ, লালিম হক প্রমুখ। ‘ভুবন মাঝি’ ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করেন ভারতের  প্রখ্যাত শিল্পী প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্য।