স্বপ্নজাল-এর পর শেষের কবিতার ‘লাবন্য’ পরীমনি
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম জনপ্রিয় উপন্যাস ‘শেষের কবিতা’র লাবন্য হতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমনি।
গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় স্বপ্নজাল চলচ্চিত্রটিতে অভিনয়ের পরই নিজেকে বদলে ফেলার প্রত্যয়ে নেমেছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি। চলচ্চিত্রটি মুক্তির পর নতুন কোন ছবিতে চুক্তিবদ্ধ হননি অভিনয়ে প্রশংসিত এ তারকা।
‘স্বপ্নজাল-এর ধারবাহিকতা বজায় রাখতে চাইছি’-গ্লিটজের কাছে দেয়া সাক্ষাৎকারে বড়পর্দায় নিজের অনুপস্থিতি নিয়ে সম্প্রতি আত্মপক্ষ সমর্থন করেন তিনি।
তবে, স্বপ্নজাল-এর পর চলচ্চিত্র না হলেও রবীন্দ্রনাথের শেষের কবিতার ওয়েব সিরিজ ভার্সনে আমন্ত্রণ পেয়ে নিজেকে ফেরাতে পারেননি পরী। রবীন্দ্রনাথের সৃষ্টির প্রতি তার বিশেষ দুর্বলতার কারণেই নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নামও রেখেছিলেন ‘সোনার তরী’। ওয়েব সিরিজে অভিনয়ের ক্ষেত্রেও রবীন্দ্রনাথের প্রতি তার প্রেমই তাকে টেনে নিয়েছে- এমনটাই বললেন গ্লিটজকে।
তিনি বলেন, “কারণ চরিত্রটা রবীন্দ্রনাথের সৃষ্টি। তা ছাড়া স্বপ্নজাল-এর পর নিজেকে প্রস্তুতও করছিলাম। এতটুকু সময় আমাকে নিতেই হতো নতুন করে প্রস্তুত করতে। আমার ভক্তরা আমাকে দারুণ সব কাজে দেখতে চায়। সেক্ষেত্রে ওয়েব সিরিজটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমার ধারণা আমার দর্শকও আমার সাথে সহমত হবেন।”
‘শেষের কবিতা’ সিরিজটি প্রযোজনা করছে কলকাতার আড্ডা টাইমস। এর মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করতে যাচ্ছে। সিরিজটির পর্ব হবে ৮টি। প্রতি পর্বের ব্যাপ্তি ১৫ মিনিট। আগামী বছর ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে এটি প্রকাশ করা হবে অন্তর্জালে।
এতে অভিনয়ের প্রস্তুতি প্রসঙ্গে পরীমনি বলেন, “শারীরিক ও মানসিক উভয় প্রস্তুতি চলছে বলতে পারেন। এক-এ তো কবিগুরুর লেখা গল্পের কাজ। আর এই লাবন্যকে খুঁজে বের করাও একটা চ্যালেঞ্জিং বটে আমার জন্য। ডিরেক্টর ওজন কমাতে বলেছেন ৩ কেজি, এটাও কস্টের কারন। প্রেশার লো বলে ডাক্তার আমাকে ডায়েট বন্ধ রাখতে বলেছিলেন।”
পরী জানান, ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে ডিসেম্বরের প্রথম দিন থেকে। চলবে ঢাকা ও কলকাতার বিভিন্ন লোকেশনে।
