২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের জন্মদিনে বড়পর্দায় শাকিব খানের ‘নাকাব’

ছেলে আব্রাম খানের জন্মদিনে দেশের বড়পর্দায় মুক্তি পেল শাকিব খান অভিনীত কলকাতার সিনেমা ‘নাকাব’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2018, 07:58 PM

Updated : 11 Oct 2022, 12:39 PM

টলিউডের নুসরত জাহান আর সায়ন্তিকাকে নিয়ে এই প্রথম শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যনারে অভিনয় করলেন শাকিব খান।

২১ সেপ্টেম্বর কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তির পর সাফটা চুক্তির আওতায় শুক্রবার বাংলাদেশের বড়পর্দায় কৌশলী মুক্তি মিললো এ সিনেমার।

এ সিনেমার পরিবেশক জাজ মাল্টিমিডিয়া জানায়, দেশের ১১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নাকাব।

ছেলের জন্মদিনে চলচ্চিত্র মুক্তির আনন্দে উচ্ছ্বসিত শাকিব খান বলেন, “আজ আমার জন্য একটি বিশেষ দিন। আমার ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন আজ। একই দিন ‘নাকাব’ মুক্তি পেল। এখন পর্যন্ত আমি যেসব ছবি করেছি, তার থেকে পুরোপুরি ডিফ্রেন্ট ট্র্যাকের ছবি নাকাব। সম্পূর্ণ নতুন একটি গল্পের ছবি। চমৎকার ভালো লাগার ছবি হয়েছে।”

কলকাতার সিনেমা হলেও নায়ক শাকিব খান বলে নাকাব নিয়ে বাংলাদেশের দর্শকদেরও আগ্রহের কমতি নেই।

রাজীব বিশ্বাসের পরিচালনায় ‘নাকাব’ চলচ্চিত্রে শাকিব খান হাজির হয়েছেন ভয়ঙ্কর মূর্তি নিয়ে। না হিরো না ভিলেন, শাকিব এলেন ভুত হয়ে। সবুজ চোখে, ধারালো দাঁত আর লম্বা চোয়ালে এ শাকিবকে চেনা কঠিন।

ছবির কাহিনিতে দেখা যাবে, অদ্ভুত এক ক্ষমতা আছে শাকিব খানের মধ্যে। খুব সহজেই মৃত ব্যক্তির আত্মার চলাফেরা দেখতে পান তিনি, যোগাযোগও করতে পারেন।

হঠাৎ এক ভূতের সঙ্গে দেখা হয় শাকিবের, যে কিনা জীবিত অবস্থায় দুটি খুন করেছিল। আর দেখতে হুবহু তার মত!

এদিকে খুনের কারণে শাকিবের পেছনে ছোটে পুলিশ। নায়ক তখন অন্যরকম চ্যালেঞ্জের মুখোমুখি।