২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাদুকরকে জাদু করার গল্প

মাহমুদ দিদারের গল্প ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে নাটক ‘হৃদয় ঘটিত’। নাটকটি নির্মাণ করেছেন লিপি আইচ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2018, 07:43 PM

Updated : 11 Oct 2022, 12:39 PM

নাটকের জনপ্রিয় জুটি সজল ও মম। ফের এ দু’জনকে দেখা যাবে লিপি আইচ নির্মিত ‘হৃদয় ঘটিত’ নাটকে। নাটকে এক ম্যাজিশিয়ান চরিত্রে অভিনয় করেছেন সজল। তার বিপরীতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা জামান।

নাটকের গল্পে দেখা যাবে, রাফি ম্যাজিশিয়ান। তার মতে জীবনটাকে জটিল করে দেখার কিছু নেই। ব্যর্থতাও উৎযাপনের বিষয়। পুতুল সংসারে দায়িত্ববান মেয়ে, রাফির আপত্তি, তারপরও ভালোবাসে তাকে। প্রতিদিন রাফির শার্টের পকেটে চিরকুট লুকিয়ে রেখে সে আনন্দ পায়। কিন্তু রাফির পছন্দ সমাজের বনেদী সংসারের মেয়ে এবং মডেল শার্লিকে, যে কিনা রাফির দেয়া উপহার প্রত্যাখ্যান করে।

হঠাৎ রাফির জীবনে মোড় ঘোড়ে, জীবনে প্রথম বারের মত মঞ্চে জাদু দেখানোর প্রস্তাব আসে তার কাছে। তার জন্য দরকার একজন মডেলের। সাগরেদ রবি উপস্থাপন করে পুতুলের নাম। কিন্তু রাফি চায় তার মঞ্চের মডেল হবে শার্লি। উচ্চ পারিশ্রমিকের বিনিময়ে শার্লি রাজি হয়। কিন্তু যথাসময়ে শার্লির কাছে অগ্রিম পারিশ্রমিকের সম্পূর্ণটা না পৌঁছনোর জন্য শার্লি রাফির সাথে বিশ্বাসঘাতকতা করে। বিদ্যুৎ বেগের মতো রাফি ধাক্কা খেয়ে যায়। তখন নাটকীয় ভাবে হাজির হয় পুতুল। সে হয় জাদুর মডেল। রাফি পুতুলকে ম্যাজিশিয়ানদের ম্যাজিশিয়ান বলে আখ্যায়িত করে।

নাটকটি সম্পর্কে নির্মাতা বলেন, “আমরা সবসময় চাকচিক্যের প্রতি আকৃষ্ট হই। কিন্তু সাধারণের ভেতরেও যে অসাধারণ কিছু লুকিয়ে থাকতে পারে তা আমরা বুঝতে পারি না। তেমনই এক ভাবনা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে নাটকটিতে।”

গত জুলাই মাসে চিত্রনায়িত নাটকটি টেলিভিশন পর্দায় প্রদর্শিত হতে যাচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে রাত ৯টায় প্রচারিত হবে নাটকটি।

নাটকটি প্রযোজনা করেছে টিএস নূর প্রোডাকশনা।