২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা দশ সুন্দরীকে নিয়ে টিভি পর্দায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

জমজমাট আয়োজনে চলছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮। ৩০ হাজার প্রতিযোগি থেকে বাছাই করা দশ প্রতিযোগিকে নিয়ে শুরু হচ্ছে সেরা সুন্দরী বাছাইয়ের চূড়ান্ত পর্ব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2018, 08:42 PM

Updated : 11 Oct 2022, 12:38 PM

২৬ সেপ্টেম্বর থেকে এটিএন বাংলার পর্দায় দেখা মিলবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার প্রতিযোগিতায় শেষ দশের লড়াই। এবারের আসরে মূল বিচারকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় কন্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি, ব্যরিস্টার ফারাবী।

এর মধ্যে তারিনের বিচারের মূল বিষয় নাচ, শুভ্রদেবের মূল বিষয় সংগীত, খালেদ সুজনের র্যাম্প, ইমির মূল বিষয় ফ্যাশন এবং আউটফিট এবং ব্যরিস্টার ফারাবীর বিষয় সাধারন জ্ঞান। পুরো প্রতিযোগিতায় তারাই বিচারকার্য পরিচালনা করবেন। তবে গালা রাউন্ডে এদের পাশাপাশি দেশের স্বনামধন্য পরিবারের জনপ্রিয় সংগীত তারকা মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদসহ আইকন বিচারকরা যোগ দেবেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর থেকে এফডিসিতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয় এবারের ইভেন্ট। অন্তর শোবিজের আয়োজনে এফডিসিতে মনোরম সেট তৈরি করে হয়েছে সুন্দরী বাছাই পর্ব। ইতিমধ্যে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে থেকে অডিশন, সিলেকশন, পারফরম্যান্সসহ বিভিন্ন রাউন্ডে ধাপে ধাপে বাছাই প্রক্রিয়া শেষে সেরা সুন্দরী হিসেবে ১০ জনকে বাছাই করেছেন বিচারকেরা।

অন্তর শোব বিজ জানায় গুলশান ২ এর নবনির্মিত পাঁচ তারকা হোটেল রয়্যাল প্যারাডাইস এ সেরা ১০ প্রতিযোগীকে নিয়ে চলছে গ্রুমিং পার্ব। এদের নাচের প্রশিক্ষণ দিচ্ছেন কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। এই সেরা ১০ প্রতিযোগীকে নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’র রাজদর্শন হল থেকে অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার করবে এটিএন বাংলা।

পুরো বাছাই আয়োজন উপস্থাপনা করবেন ডিজে সনিকা ও আরজে নিরব। অনুষ্ঠানটি প্রতিদিন রাত ৯ টা থেকে ১০ টায় প্রচারিত হবে এটিএন বাংলায়।

এই আয়োজন থেকে উঠে আসা বিজয়ীকে চলতি মাসের শেষ সপ্তাহে পাঠানো হবে মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে। তিনি ৭ ডিসেম্বর চীনে মূল পর্বে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

আয়োজক সূত্রে জানা গেছে এবার মূল পর্বের আগে প্রায় তিন মাস সময় পাওয়া যাবে। ফলে চূড়ান্ত বিজয়ীকে তৈরি করার সময় পাওয়া যাবে বেশি। বিশ্বখ্যাত গ্রুমার নয়নিকা চ্যাটার্জী তাকে তৈরি করবেন। তার হাতেই ১৯৯৬ থেকে একাধিক প্রতিযোগী বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন।