২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাসুদ রানা হতে চাইলে

কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয়ে আগ্রহী তরুণদের জন্য আয়োজন করা হচ্ছে রিয়েলিটি শো ফেয়ার অ্যান্ড লাভলি ম্যানস ‘কে হবে মাসুদ রানা’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 08:55 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

যে কোনো বাংলাদেশি কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। আবেদন করার ফরম পাওয়া যাবে এই লিংকে http://www.mensfairandlovelyhero.com/।

রিয়েলিটি শো’র সঙ্গে যুক্ত আছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার। রিয়েলিটি শো’তে নির্বাচিত তিন তরুণ অভিনয় করবেন মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’, ‘ভারতনাট্যম’ ও ‘স্বর্ণমৃগ’ অবলম্বনে ৩টি চলচ্চিত্রে। চলচ্চিত্রগুলো নির্মাণ করবে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

জাজ জানায়, ২০১৮ সালেই শুরু হচ্ছে মাসুদ রানা সিরিজের ধ্বংসপাহাড় অবলম্বনে প্রথম চলচ্চিত্রটি নির্মাণের কাজ।

প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ গ্লিটজকে বলেন, “৬০, ৭০, ৮০, ৯০ দশকের বাংলাদেশের মানুষেরা বড় হয়েছে মাসুদ রানা পড়ে। এখনো বিশাল একটি জনগোষ্ঠী পড়ে মাসুদ রানা। এখনো নতুন মাসুদ রানার প্রথম এডিশনে ২০ হাজার কপি ছাপা হয়। এই দেশে এটি এখনো একটি অনেক বড় সংখ্যা। আমাদের নিজেদের কোন সুপার হিরো নেই, নেই সুপারম্যান, স্পাইডারম্যান। আমাদের কাছে সুপার হিরো মানেই মাসুদ রানা। তাই তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে সচেষ্ট হয়েছি।”

তিনি আরও বলেন, “মূলত কাজীদা (কাজী আনোয়ার হোসেন) কাউকে মাসুদ রানা বানানোর জন্য রাইট দেন না, কারণ কেউ নাকি ঠিকমতো রানাকে উপস্থাপন করতে পারবে না। জাজ এর শুরুতেই একটা বই এর রাইট এর জন্য যোগাযোগ করা হলে, উনি রাইট দেয়নি। তবে শুভ সংবাদ হলো, এখন কাজীদা জাজের উপর আস্থা রেখেছেন। উনার বিশ্বাস জাজ ঠিক মত মাসুদ রানা বানাতে পারবে। এই জন্য প্রথমে উনার ৩টি বইয়ের রাইট দিয়েছে ৫ বছরের জন্য।”

প্রথম চলচ্চিত্রটি নির্মাণে জাজ মাল্টিমিডিয়ার প্রাথমিক বাজেট ৫ কোটি টাকা।

বাংলাদেশে মাসুদ রানার প্রথম চলচ্চিত্রায়ন ঘটে ১৯৭৪ সালে; সিরিজের ‘বিস্মরণ’ অবলম্বনে ‘মাসুদ রানা’ নামে চলচ্চিত্রটি তৈরি করেন চিত্রনায়ক মাসুদ পারভেজ বা সোহেল রানা। চলচ্চিত্রটির মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে জনপ্রিয় এ নায়কের। এরপর মাসুদ রানা নিয়ে আর কোনো চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি; ছোট পর্দায় আতিকুল হক চৌধুরী সিরিজের পিশাচ দ্বীপ নিয়ে একটি নাটক বানিয়েছিলেন, তাতে মাসুদ রানা হয়েছিলেন মডেল আদিল হোসেন নোবেল।