সালমান শাহ স্মরণে ‘ভালো আছি ভালো থেকো’
ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। ১৯৯৬ সালের এ দিনে তার আকস্মিক অপমৃত্যু ঘটে। প্রিয় নায়কের মৃত্যুদিনে তার স্মরণে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালো আছি ভালো থেকো’ মুক্ত হলো অন্তর্জালে।
সালমান শাহকে নিবেদন করে নির্মিত এ স্বল্পদৈর্ঘ্যের রচনা ও পরিচালনায় ছিলেন মোহন রায়হান। এতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ নিলয় ও শেহতাজ।
এক জোড়া তরুণ-তরুণীর প্রেমকে ঘিরে গড়ে উঠেছে ছবির গল্প।
এ প্রসঙ্গে শেহতাজ বলেন, “বেশ কিছুদিন আগে করেছিলাম কাজটি। তবে প্রিয় নায়কের মৃত্যুদিনকে স্মরণ করে তাকে নিবেদন করে কাজটি রিলিজ হচ্ছে জেনে ভীষণ ভালো লাগছে। এমন দিনে সালমান শাহকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।”
অন্যদিকে নাটকের মূল চরিত্রে অভিনয় করা নিলয় আলমগীর বলেন, “এই উদ্যোগটা অসাধারণ। সালমান শাহকে নিবেদন করে এই শর্টফিল্মটি রিলিজ হওয়ায় আমার খুব ভালো লেগেছে। আশা করছি কাজটি দর্শকদের ভালো লাগবে।
লায়নিক মাল্টিমিডিয়া প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি তাদের অফিসিয়াল ইউটিউবে প্রকাশিত হয়েছে।
