২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আসছে ‘কনজুরিং' সিরিজের নতুন চলচ্চিত্র

৭ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ‘কনজুরিং’ সিরিজের নতুন চলচ্চিত্র ‘দ্য নান’; একই দিনে বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্সে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2018, 08:22 PM

Updated : 25 Jul 2022, 08:37 PM

স্টার সিনেপ্লেক্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুই বছর আগে মুক্তি পাওয়া ‘দ্য কনজুরিং ২’ ছবির অভিজ্ঞতা দর্শকদের ভুলে যাওয়ার কথা নয়। সেই রোমহর্ষক দৃশ্যগুলো মনে করলে অনেকেই আঁতকে উঠবেন এখনো।

ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়া ছবিটি আলোড়ন সৃষ্টি করেছিলো বক্স অফিসেও। এরপর থেকে শুরু হয় সিরিজের পরবর্তী ছবি নিয়ে আলোচনা। যার পারদ ক্রমশ উপরে উঠেছে নতুন ছবি মুক্তির ঘোষণায়।

এবার ‘দ্য নান’-এ দেখানো হয়েছে রোমানিয়াতে এক যুবতী সন্ন্যাসীনীর মৃত্যুর তদন্তে নেমেছেন সিস্টার আইরিন ও ফাদার বার্ক। আর সেই তদন্তের স্বার্থে আইরিন নিজের বয়ান দিচ্ছিলেন। জানাচ্ছিলেন তিনি কী দেখেছেন।

তাঁর বর্ণনা রীতিমত গায়ে কাঁটা লাগাতে বাধ্য। 'কনজুরিং' সিরিজের পঞ্চম ছবিটি উস্কে দিয়েছে ছবির পূর্ববর্তী সিরিজের ‘নান’- এর চরিত্রটিকে। যাকে ঘিরে রহস্য দানা বেঁধেছিল 'কনজুরিং ২' ছবিতে।

আদিভৌতিক এক রহস্যে মোড়া 'নান', 'কনজুরিং' সিরিজের এখনও পর্যন্ত সবচেয়ে ভয়ানক ছবি বলে দাবি নির্মাতাদের।