২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ এবং যৌন হয়রানির বিরুদ্ধে ‘টিয়ার জবানবন্দি’

ধর্ষণ এবং যৌন হয়রানির মনস্ত্বাত্তিক বিষয়বস্তুকে কেন্দ্র করে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টিয়ার জবানবন্দি’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2018, 08:48 PM

Updated : 11 Oct 2022, 12:35 PM

আন্না পুনমের ছোট গল্প ‘ভেনাসের ঝলসানো কিশোর ডানা’ অবলম্বনে তরুণ চলচ্চিত্র নির্মাতা সোহেল রানা বয়াতি নির্মান করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টিয়ার জবানবন্দি’। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির চিত্রধারনের কাজ সম্পন্ন হয়েছে।

ধর্ষণ এবং যৌন হয়রানির মনস্ত্বাত্তিক বিষয়বস্তুকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

চলচ্চিত্রটি প্রসঙ্গে বয়াতি বলেন “সমাজের প্রতিটি মানুষ ধর্ষণের সাথে প্রত্যক্ষ-পরোক্ষ বা মানসিক ভাবে জড়িত। যখন দেখি ছোট শিশু যৌন নির্যাতনের হাত থেকে রেহাই পায় না তখন নিজেকে অপরাধী মনে হয় অথচ আমাদের সবার সন্মিলিত প্রচেষ্টা পারে এই ব্যাধি দূর করতে। আমি টিয়ার জবানবন্দিতে ধর্ষিতার না বলা কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি।”

চলচ্চিত্রটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন গুনী অভিনেতা আশিষ খন্দকার। তিনি বলেন “মনস্ত্বাত্তিকভাবে আলোড়িত করার মত একটি কাজ। একজন অভিনেতা হিসেবে ধর্ষক চরিত্রে অভিনয় করা একটি চ্যালেঞ্জ ছিল, কারন কোন চরিত্রে অভিনয় করতে গেলে আমি শিল্পমাত্রাকে ধরে রাখার চেষ্টা করি। কাজটি নিয়ে আমি খুবই আশাবাদি।”

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন- ইকবাল হোসেন, জয়িতা মহলানবীশ, নিলুফার ওয়াহিদ এবং শিশু শিল্পী বৃষ্টি। চিত্রধারন করেছেন কমল চন্দ্র দাস। বিভিন্ন উৎসব ঘুরে চলচ্চিত্রটি শিগগিরই অন্তর্জালে উন্মুক্ত হবে বলে জানিয়েছেন নির্মাতা।