২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পিছিয়েছে ‘দেবী’র, থেমে নেই প্রচারণা

সেপ্টেম্বরে মুক্তির কথা থাকলেও একমাস পেছাচ্ছে হুমায়ূনের রচনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র দেবী’র মুক্তি। তাই বলে থেমে নেই প্রচারণা। ২৪ অগাস্ট মুক্তি পেলো এ চলচ্চিত্রের গান ‘দোয়েল পাখি কন্যা রে’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2018, 04:03 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

রাকিব হাসান রাহুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হালের জনপ্রিয় সংগীত তারকা প্রীতম হাসান। অন্যদিকে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফোকসম্রাজ্ঞীখ্যাত মমতাজ বেগম।

প্রকাশের পরপরই সাড়া ফেলেছে জয়ার এ নতুন বাজি। অভিনয়ে দুই বাংলা জয় করার পর জয়া নির্মাণ করেছেন ‘দেবী’। প্রযোজক জয়াকে তাই দেখা গেলো গানটির ভিডিওতে ক্যামেরার পেছনের কারিগর হিসেবেই। ভিডিওতে উঠে এসেছে গানটি নির্মাণ ও চিত্রধারণের নানা মুহূর্ত। গায়ে হলুদের এক উৎসবে কাঁদা খেলার লোকসংস্কৃতি ফুটে উঠেছে গানটির চিত্রায়নে।

জয়া বললেন, “গানটির ভিডিওতে যেভাবে এসেছে দৃশ্যগুলো সেভাবে তো ফিল্মে আসবে না। কিছু অংশ আসবে। এটি নির্মাণের সময়ের কিছু মুহূর্ত দর্শকের সঙ্গে ভাগাভাগি করে নেয়া হল। কাঁদা খেলা আমাদের ফিল্মের একটা গুরুত্বপূর্ণ অংশ। সে অংশটি এ গানের ভেতর দেখা যাবে।”

সেপ্টেম্বরে মুক্তির লক্ষ্যে নানা প্রচারণা চললেও চলচ্চিত্রটি মুক্তিতে আরও একমাস সময় চাইছেন জয়া। তার ভাষ্যে, “নানা কারণে শেষ মুহূর্তের কিছু মিক্সিংয়ের কাজ সময়মতো করে শেষ করতে পারিনি। তাই একমাস পেছাতেই হচ্ছে।”

প্রযোজনার পাশাপাশি চলচ্চিত্রটিতে অভিনয় করছেন জয়া আহসান। অনম বিশ্বাসের পরিচালনায় চলচ্চিত্রটিতে হুমায়ূনের বিখ্যাত চরিত্র মিসির আলী হয়ে বড়পর্দায় আসছেন চঞ্চল চৌধুরী। চলচ্চিত্রটিতে দু’টি বিশেষ চরিত্রে দেখা মিলবে অনিমেষ আইচ ও শবনম ফারিয়ার।