ঈদে ইউটিউবে রঙ্গন ফিল্মসের ৯ নাটক
বিজ্ঞাপনের যন্ত্রণা কমিয়ে নাটক প্রচারের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে ‘রঙ্গন ফিল্মস’।
‘রঙ্গন ফিল্মস’ একটি ইউটিউব চ্যানেল। এবারের কোরবানির ঈদে নয়টি নতুন নাটক নিয়ে যাত্রা শুরু করেছে তারা।
রঙ্গন ফিল্মসের কর্ণধার, হাসিব হাসান চৌধুরী বলছেন, টেলিভিশনের দর্শক কমে আসার সঙ্গে সঙ্গে ইন্টারনেটের ব্যবহার বাড়ায় ইউটিউবে নাটক ও অন্যান্য অনুষ্ঠান প্রচারের লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন।
এবারের ঈদুল আজহায় নয়টি নাটক পরপর নয়দিন রঙ্গন ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করার কথা রয়েছে।
ঈদের আগের দিন থেকে শুরু হওয়া এসব নাটকের মধ্যে আছে- মাররুর রশীদ বান্নাহ নির্মাণে দুটি নাটক ‘মানুষ হবো’ এবং ‘বেড সিন’।
এছাড়া কাজল আরেফিন অমির তিনটি নাটক ‘জাস্ট চিল’, ‘পাসপোর্ট’ এবং ‘ট্যাটু ৩’; আর বি প্রীতমের ‘আবার তোরা টুইং হ!’; রুবেল হোসেনের ‘বৃষ্টি হয়ে এলে তুমি’; তপু খানের ‘ইটস মাই লাইফ’ এবং পার্থ প্রতীম নাথের ‘হেড অর টেল’ দেখা যাবে রঙ্গন ফিল্মসের ইউটিউব চ্যানেলে।
তিনি বলেন, ইউটিউবে দেওয়ার সুবিধা হচ্ছে, নির্মাতাদের কোনো ধরাবাঁধা সময়ের নাটক তৈরি করতে হচ্ছে না। টেলিভিশনগুলোর জন্য নাটক বানাতে গেলে সময়ের দৈর্ঘ্য নির্দিষ্ট থাকে। ইউটিউবে সেই ঝামেলা নেই।
রঙ্গনের প্রচার এজেন্সি মোশন রক এন্টারটেইনমেন্টের কর্ণধার মাসুদ উল হাসান বলেন, “ঈদে আমাদের যাত্রা মাত্র শুরু হল। এই বছরের মধ্যে আমরা আরও ২০টি মৌলিক কন্টেন্ট প্রচার করার পরিকল্পনা হাতে নিয়েছি।”
