‘দেবী’র প্রচারণায় জয়ার ব্যতিক্রমী উদ্যোগ
চলচ্চিত্র দেবী’র প্রচারণায় ভিন্নধর্মী উদ্যোগ নিলেন ছবির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান।
হলিউড কিংবা বলিউডে চলচ্চিত্রের কোনো চরিত্র কিংবা নাম নিয়ে পণ্য তৈরি ও বাজারজাতের প্রচলন লক্ষ্য করা যায়। কিন্তু আমাদের দেশের চলচ্চিত্র নিয়ে ছবি মুক্তির আগে কোনো ছবির পণ্য বিক্রয়ের সুযোগ করে দিচ্ছে ফ্যাশন হাউজ বিশ্বরঙ।
মিসির আলি চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এছাড়া রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ এবং আহমেদ সাবেত চরিত্রে দেখা যাবে ইরেশ যাকেরকে। চলচ্চিত্রের প্রচারে বিশ্বরঙ-এর ডিজাইন করা পোশাকে সম্প্রতি ফটোশুট করেছেন তারা।
ছবির প্রযোজক জয়া আহসান জানান, দেবী সিনেমার বিভিন্ন অনুষঙ্গ দিয়ে অলংকৃত পোশাকের (শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবী ইত্যাদি) প্রদর্শনী আসছে ১৬ আগষ্ট থেকে শুরু হচ্ছে ‘বিশ্বরঙ’-এর সকল শো রুমে। দেশীয় পোশাক শিল্পের প্রেক্ষাপটে এটি দেবী টিম ও বিশ্বরঙ-এর একটি ভিন্ন রূপকল্পের ভাবনা। সুতি কাপড়কে প্রাধান্য দেয়া ছাড়াও ফ্যাশন প্রেমীদের চাহিদা অনুসারে এন্ডি, হাফসিল্ক কাপড়ের ব্যবহার রয়েছে। এসব পোশাকে টাইপোগ্রাফি, নকশায় গ্রাফিক্যাল ফর্ম, দেবী চলচ্চিত্রের নামলিপি সহ স্থিরচিত্রের ভিন্ন ভিন্ন অনুষঙ্গ দিয়ে অলংকৃত করা হয়েছে পোশাকের জমিনকে।
আসছে ১৭ আগস্ট বিশ্বরঙ-এর উদ্যোগে যমুনা ফিউচার পার্কে দেবী চলচ্চিত্র নিয়ে বিশেষ একটি ফ্যাশন শো’য়েরও আয়োজন করা হয়েছে।
