২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদা পারভীনের পক্ষে রায় কপিরাইট অফিসের

সংগীতশিল্পী ফরিদা পারভীনের তিনটি অ্যালাবামের স্বত্ব ‘ সই জালিয়াতির মাধ্যমে’ ১৫ বছর ধরে  ভোগ করছেন আরেক সংগীতশিল্পী জানে আলম।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2018, 05:10 PM

Updated : 08 Apr 2022, 06:47 PM

ফরিদা পারভীনের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে তার সত্যতা মিলেছে বলে গ্লিটজকে জানিয়েছেন কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী।

তবে জানে আলম দাবি করেছেন, ফরিদা পারভীন কপিরাইট অফিসকে ‘প্রভাবিত’ করেছেন।

বছর খানেক আগে ফরিদা পারভীন কপিরাইট অফিসে অভিযোগ করেন, তার স্বাক্ষর জালিয়াতি করে ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘মিলন হবে কতদিনে’ ও ‘নিন্দার কাঁটা’ শিরোনামে তিনটি অ্যালবামের স্বত্ব ভোগ করছেন জানে আলম।

জাফর রাজা চৌধুরী গ্লিটজকে বলেন, “ফরিদা পারভীনের যে স্বাক্ষর দেখিয়ে জানে আলম অ্যালবামের স্বত্ব নিয়েছেন সেই স্বাক্ষরগুলো সিআইডি অফিসে ভুয়া বলে প্রমাণিত হওয়ায় তার কপিরাইট বাতিল করে ফরিদার পারভীনের নামে কপিরাইটের রায় দেওয়া হয়েছে।”

২০০৩ সালে মোট ১৬ জনের স্বাক্ষরকৃত একটি স্ট্যাম্প কপিরাইট অফিসে দাখিল করে বেশ কয়েকটি অ্যালবামের কপিরাইট করান জানে আলম। সেখানে ফরিদা পারভীনের স্বাক্ষর দেখিয়ে তিনটি অ্যালবামের কপিরাইট করান তিনি।

গতবছর অ্যালবামগুলোর কপিরাইট করাতে গেলে ফরিদা পারভীন জানতে পারেন অ্যালবামের কপিরাইট জানে আলমের নামে। স্বাক্ষর দেওয়ার বিষয়টি অস্বীকার করে কপিরাইট অফিস বরাবর তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ফরিদা পারভীন।

বিষয়টি নিয়ে জানে আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গ্লিটজকে বলেন, ১৯৮৭ সালে ‘উপযুক্ত সম্মানীর বিনিময়ে’ ফরিদা পারভীন তার অ্যালবামগুলোর সর্বস্বত্ব চুক্তিপত্রে স্বাক্ষর করে বিক্রি করেছেন।

“কিন্তু তিনি পরে সেটি অস্বীকার করে সবাইকে বলে বেড়াচ্ছেন স্বাক্ষর তিনি করেননি। এটা মিথ্যা।”

বিশেষজ্ঞের কাছে গেলে বিষয়টি পরিষ্কার হবে বলে মন্তব্য করেন জানে আলম। সিআইডি স্বাক্ষরগুলো জাল বলে ধরেছে- কপিরাইট অফিসের একথা জানানো হলে তিনি বলেন, “এটা মিথ্যা কথা। কোনো এক্সপার্ট স্বাক্ষরটি পরীক্ষা করেননি।”

বিষয়টি নিয়ে ফরিদা পারভীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

কপিরাইট অফিস জানিয়েছে, রায়ের যাবতীয় নথি শিগগিরই দায়রা আদালতে পাঠানো হবে। আদালতে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে হতে পারে জানে আলমকে।

কপিরাইট আইনের ৮২ ধারায় কপিরাইট লঙ্ঘনের শাস্তির বিধান রয়েছে। কপিরাইট আইন লঙ্ঘন করলে দুই লক্ষ টাকা জরিমানা এবং শাস্তি হিসেবে ন্যূনতম ছয়মাসের ও সর্বোচ্চ চার বছরের জেল হতে পারে।

“কপিরাইট অফিস নিম্ন আদালতের মতো রায় দিয়েছে। দায়রা আদালত জানে আলমের বক্তব্য জানতে চাইবে। কপিরাইট অফিসের রায়ের উপর পুনর্বিবেচনা করবে দায়রা আদালত,” বলেন জাফর রাজা চৌধুরী।