২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করে আয়োজক  ‘লাপাত্তা’

এক বছর আগে শুরু হওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের এক প্রতিযোগিতার আয়োজকরা হঠাৎ সব কার্যক্রম বন্ধ করে দিয়ে প্রতারণার অভিযোগের মুখে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রু্দ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2018, 11:32 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

প্রতিযোগীরা বলছেন, তাদের সিনেমা ইউটিউবে দেখিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছেন ইনটকিজ শর্টফিল্ম কনটেস্টের আয়োজকরা।

২০১৭ সালে বেশ আয়োজন করেই শুরু হয়েছিল ‘ইনটকিজ শর্টফিল্ম কনটেস্ট’। দুই বাংলার নির্মাতাদের নিয়ে আয়োজিত এ উৎসবে অংশ নেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে চারশ নির্মাতা। তবে সরকারের কাছ থেকে প্রতিযোগিতা আয়োজনের কোনো অনুমোদন আয়োজকরা নেননি।

প্রাথমিক বাছাইয়ের পর আয়োজকরা মূল প্রতিযোগিতার জন্য ৬০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চূড়ান্ত করেন। পপুলার চয়েজ ভোটিংয়ের কথা বলে ওই ৬০টি সিনেমা ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করা হয়। সেখানে বিজ্ঞাপন দিয়ে আয়ের ব্যবস্থাও হয়।

ফেব্রুয়ারি মাসের শেষ দিকে দর্শকদের ভোটে ‘পপুলার চয়েজ’ ক্যাটগরির ফলাফল প্রকাশ করেন আয়োজকরা। কিন্তু বিচারকদের রায়ে বিজয়ীদের নাম ঘোষণা না করেই আয়োজকরা হঠাৎ উধাও হয়ে যান।

কথা ছিল, দুই ক্যাটাগরিতেই প্রথম পুরস্কার বিজয়ী নির্মাতা এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী ৩০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার বিজয়ী ২০ হাজার টাকা পাবেন।  কিন্তু এক পর্যায়ে ইনটকিজের অফিশিয়াল ওয়েবসাইট, ফেইসবুবক পেইজ, ইউটিউব চ্যানেল- সবই বন্ধ করে দেওয়া হয়।

Image
আয়োজক সুব্রত সরকার

আয়োজক সুব্রত সরকার

প্রতিযোগীরা বলছেন, আয়োজকরা প্রতারণার মাধ্যমে একদিকে নির্মাতাদের ঠকিয়েছে, অন্যদিকে পশ্চিমবঙ্গের নির্মাতাদের কাছে দেশের দুর্নাম করেছে।

ইনটকিজ শর্টফিল্ম কনটেস্টের তিন আয়োজকের একজন সুব্রত সরকার হঠাৎ প্রতিযোগিতার কার্যক্রম বন্ধ করে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

গ্লিটজকে তিনি বলেছেন, স্পন্সর জটিলতার কারণে এ সমস্যা হয়েছে। তারা সমাধানের চেষ্টায় আছেন; এজন্য প্রতিযোগীদের কাছে আরও একমাস সময় চেয়েছেন।

এ প্রতিযোগিতায় দর্শক জনপ্রিয়তায় যে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে বিজয়ী ঘোষণা করা হয়, তার মধ্যে শাহদাত রাসেলের ‘ডেফিনেশন অফ পলটিক্স’ প্রথম, ইয়াসিনের ‘এইট পিএম’ দ্বিতীয় এবং আবদুল্লাহ মাহফুজ অভির ‘তোর ভাগ্যে কিছু নেই’ তৃতীয় হয়।

ইনটকিজের ফেইসবুক পৃষ্ঠায় ‘পপুলার চয়েজ’ ক্যাটাগরির বিজয়ী হিসেবে তাদের নাম প্রকাশ করা হলেও ঘোষিত পুরস্কার বা সন্মাননা না দিয়েই সরে পড়েছেন আয়োজকরা।

বিজয়ী নির্মাতারা বলছেন, তারা বহুবার যোগাযোগ করলেও আয়োজকদের কাছ থেকে কোনো সাড়া পাননি। এখন তারা ফোনও ধরেন না।

শাহদাত রাসেল বলেন, “এখানে পুরস্কার বড় কথা না। সবচেয়ে দুঃখজনক হচ্ছে প্রতারণাটি। ইনটকিজ আমার ফিল্ম অনলাইনে ছেড়ে দেওয়ায় আমার দুইটা বড় ক্ষতি হয়েছে। ফিল্মের অনলাইন পার্টনার কোম্পানির সাথে আমার চুক্তি বাতিল হয়েছে, তাতে আমি লক্ষাধিক টাকা লস খেয়েছি। তারপর আন্তর্জাতিক ফেস্টিভালে ফিল্ম সাবমিশনের সুযোগ হারিয়েছি।”

এই নির্মাতা বলেন, ইনটকিজ নবীন নির্মাতাদের সঙ্গে যেভাবে প্রতারণা করেছে তাতে বাংলাদেশের চলচ্চিত্রের ওপরই বিরূপ প্রভাব পড়বে।

“নবীন নির্মাতারা আগ্রহ হারাবে। এটা হতে দেওয়া যায় না। এ ধরনের প্রতারণার ব্যাবসা যাতে আর কেউ করতে না পারে, সেজন্য যা যা করনীয় তা আমরা করব।”

পপুলার চয়েজ’ ক্যাটাগরির তৃতীয় বিজয়ী আবদুল্লাহ মাহফুজ বলেন, “হঠাৎ দেখলাম তাদের ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল সব উধাও। আয়োজক সুব্রত সরকারের সাথে ফোনে যোগাযোগ করেছিলাম। বললেন কিছু ঝামেলার কারণে বন্ধ রেখেছেন। তবে শিগগিরই অনুষ্ঠান করে সন্মাননা দেওয়া হবে। পাঁচ মাস তো পেরিয়ে গেল, তারা কথা রাখেনি।”

এই ঘটনায় বিজয়ী নির্মাতা ও অংশগ্রহণকারীরা বিব্রতকর অবস্থায় পড়েছেন বলে মন্তব করেন মাহফুজ।

“প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমাদের কনটেন্টগুলো ইউটিউবে আপলোড করা হয়। তাই আমরা অনেক আন্তজার্তিক উৎসবে সিনেমা জমা দিতে পারিনি। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এমন হলেতো আমাদের মতো স্ট্রাগল করা তরুণ নির্মাতারা হতাশ হয়ে পরবে। এই আয়োজনে অংশ নিয়ে আমরা আর্থিক ভাবেও ক্ষতিগ্রস্থ হয়েছি।”

ক্ষতিগ্রস্ত নির্মাতারা এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানান মাহফুজ।

অভিযোগের বিষয়ে আয়োজক সুব্রত সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে গ্লিটজকে তিনি বলেন, যথাসময়ে স্পন্সর না পাওয়ায় তারা এমন ‘বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি’ হয়েছেন।

“এটা ঠিক, আমরা নির্মাতাদের গালিগালাজের মুখে কিছু না জানিয়েই ফেইসবুক পেইজ হাইড করে রেখেছি। কপিরাইট নিয়ে অভিযোগে আমাদের ইউটিউব চ্যানেলও আর দেখা যাচ্ছে না। তবে বিজয়ী নির্মাতাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তাদের বলেছি, আমরা এখনও আত্মসমর্পণ করছি না।”

সুব্রত বলেন, “আরও কিছুদিন আমরা স্পন্সরের চেষ্টা করব। তারপর যেটাই হোক, আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণা দেব। চলচ্চিত্রকে ভালোবেসে যে ফেস্টিভালের আয়োজন করেছি, তা ভালোভাবে সম্পন্ন করার সদিচ্ছা আমাদের আছে।”

পেশায় আর্কিটেক্ট সুব্রত বলছেন, এ আয়োজনে তার সঙ্গে আছেন দুই প্রকৌশলী। শখের বশেই এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিলেন তারা। তবে তাদের নাম তিনি প্রকাশ করতে চাননি।

প্রতিযোগিতায় জুরি হিসেবে কারা ছিলেন- এ প্রশ্নেরও উত্তর দেননি ইনটকিজ শর্টফিল্ম কনটেস্টের এই আয়োজক।

“কলকাতা থেকে তিনজন আর বাংলাদেশ থেকে দুজন নির্মাতা ছিলেন জুরি হিসেবে। তবে কারো নাম প্রকাশ করতে চাই না। তাছাড়া জুরিদের অনেকের কাছ থেকেই আমি ফলাফল হাতে পাইনি। অনেক চেষ্টা করেছি, তারা দীর্ঘদিন ঝুলিয়েছেন।”

প্রতিযোগীদের সিনেমা ইউটিউবে দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে সুব্রত দাবি করেন, সেখান থেকে তারা এক টাকাও পাননি।

আর প্রতিযোগীরা পপুলার চয়েজ ক্যাটাগরিতে ৬০টি কন্টেন্ট ইউটিউবে প্রকাশ করা হয়েছে বলে দাবি করলেও সুব্রত বলছেন, তারা ইন্টারনেটে ছেড়েছেন ২০টি কন্টেন্ট। সেখান থেকে ‘আশানুরূপ’ ভিউও তারা পাননি।

উৎসবের আয়োজন করতে কোনো অনুমতি নেওয়া হয়নি কেন প্রশ্ন করলে সুব্রত গ্লিটজকে বলেন, “সরকারের অনুমোদনের জন্য চেষ্টা করেছিলাম। দালালের খপ্পরে পড়ে আমার ৩৫ হাজার টাকা লস হয়ে গেছে। কাগজপত্র রেডি করেছিলাম। কিন্তু অনুমোদনটা আর নেওয়া হয়নি।”

তার দাবি, এ বিষয়ে একজন আইনজীবীর পরামর্শ নিয়েছিলেন তিনি। সেই আইনজীবী তাকে আশ্বাস দিয়েছিলেন, অনুমতি খুব একটা ‘বড় বিষয় না’।

“আমারও মনে হয় এরকম কোনো বাধা ধরা নিয়মের আবশ্যকতা নেই। পুরস্কারপ্রাপ্তদের টাকা দিতে না পারায় এখন এসব প্রসঙ্গ আসছে। এ প্রসঙ্গগুলো আগে আসেনি।

আরেক প্রশ্নে সুব্রত বলেন, ইনটকিজের নিজস্ব কোনো অফিস নেই। ধানমণ্ডিতে তার আর্কিটেক্ট ফার্ম ‘ওয়ান পয়েন্ট সিক্সটি ডি’র ঠিকানাই তারা ইনটকিজের জন্য ব্যবহার করেছেন।