২৪ ব্যান্ডের অংশগ্রহণে ‘বামবা দেশ-ই রক’
২৪টি ব্যান্ডদল পারফর্ম করবে দেশ টিভির নতুন অনুষ্ঠান ‘বামবা দেশ-ই রক’-এ।
দেশের ব্যান্ডগুলোর সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) হাত মিলিয়েছে বেসরকারি চ্যানেল দেশ টিভির সঙ্গে। তাদের যৌথ উদ্যোগে তৈরি হবে ‘বামবা দেশ-ই রক’ নামে ২৬ পর্বের একটি ব্যান্ডসংগীতের অনুষ্ঠান।
ইতিমধ্যে ‘বামবা দেশ-ই রক’ নির্মাণ ও সম্প্রচারের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এই সংগীতায়োজন বাস্তবায়নে ২২ জুলাই বিকাল ৩টায় ঢাকায় দেশ টিভির কার্যালয়ে বামবা ও দেশ টিভির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) হয়েছে।
এতে স্বাক্ষর করেন দেশ টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান ও বামবা’র সভাপতি হামিন আহমেদ।
অনুষ্ঠানটির প্রযোজক আলমগীর এ প্রসঙ্গে গ্লিটজকে বলেন, “বামবার ২৪টি দল সক্রিয় আছে তারাই এ চুক্তির আওতায় অনু্ষ্ঠানগুলোতে পারফর্ম করবেন। ঈদ উপলক্ষে ১ অগাস্ট থেকে অনুষ্ঠান রেকর্ড শুরু হবে। ঈদের সাতদিন সাতটি ব্যান্ডের পারফর্মেন্স দেখাবো আমরা। বাকি ব্যান্ডগুলোর গান প্রতি শুক্রবার প্রচারিত হবে।”
আসন্ন ঈদুল আজহার প্রথম দিন থেকে দেশ টিভিতে প্রচার হবে ‘বামবা দেশ-ই রক’।
