২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওয়ান শট’ বিজ্ঞাপনে মাশরাফি

বিজ্ঞাপনে প্রায়ই হাজির হচ্ছেন জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। খেলা না থাকলেও টিভিপর্দা চালু করলেই ভক্তদের চোখে পড়ছে এ প্রিয় তারকার মুখ। শনিবার তিনি মডেল হলেন নতুন একটি পণ্যের বিজ্ঞাপনে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2018, 04:48 PM

Updated : 08 Apr 2022, 06:37 PM

‘ওয়ান শট’ ফিল্মের কথা আমরা প্রায়ই শুনেছি। সম্প্রতি এ পন্থায় বাংলাদেশে প্রথমবারের মতো মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘শনিবার বিকেল’। এবার নির্মাতা মেহেদী হাসিব নির্মাণ করলেন ওয়ান শট টেলিভিশন বিজ্ঞাপন। এতে মডেল হয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে ডট থ্রি প্রোডাকশন হাউস থেকে। এটি নির্মাণ করেছেন মেহেদী হাসিব।

নির্মাতা জানান, এক শটে ক্যামেরাবন্দী করা হয় পুরো বিজ্ঞাপনটি। রাজধানীর কোক স্টুডিওতে বিশাল সেট তৈরি করতে হয়েছে তাকে। বিজ্ঞাপনটির ক্রিয়েটিভ হেড হিসেবে আছেন পনি আবেদিন এবং সার্বিক তত্বাবধানে ম্যাক্স রহমান।

মাশরাফি প্রসঙ্গে নির্মাতা হাসিব বলেন, “এর আগে এদেশের টপমোষ্ট সেলিব্রেটি নিয়ে বিজ্ঞাপনের কাজ করলেও কোন খেলোয়াড় নিয়ে কাজ এই প্রথম। তার উপর খেলোয়াড়টি মাশরাফি বলে কথা। সব প্রস্তুতি আগেই সেরে নেয়া ছিল, তারপরেও একটু উত্তেজনা কাজ করছিল। তবে সব কিছুই সহজ হয়ে ধরা দিলো মাশরাফি ভাইয়ের সহোযোগিতার কারণে।

শুটিং সেটে একদম সাধারন মানুষ হয়েই ধরা দিলেন আমাদের মাঝে। চমৎকার এক মানুষ, বোঝাপড়াটা তাই ভলো হয়েছে আমাদের। ওয়ান শট বিজ্ঞাপন সম্ভবত বাংলাদেশে এটাই প্রথম। আশা করছি বিজ্ঞাপনটি নজর কাড়বে।”

ডেকো সুপার ডুপার কুকিজের এ বিজ্ঞাপনটি খুব শিগগিরই দেশের সবগুলো চ্যানেলে প্রচারিত হবে বলে জানান নির্মাতা।