২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফুটবলে প্রেম’-এ অপূর্বর সঙ্গে চৈতি ও এভ্রিল

ফুটবল ম্যাচে নির্ধারিত হবে প্রেমের জয়-পরাজয়, সেই হিসাব-নিকাশ নিয়ে মাঠে নেমেছে ব্রাজিল-আর্জেন্টিনা; উত্তেজনার পারদ চড়ানোর এমন গল্প নিয়েই তৈরি হয়েছে টেলিফিল্ম ‘ফুটবলে প্রেম’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2018, 10:36 PM

Updated : 08 Apr 2022, 06:31 PM

ডিরেক্টস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক নির্মিত এই টেলিফিল্মে অভিনয় করেছেন অপূর্ব, চৈতি ও এভ্রিল।

নির্মাতা অলিক বলেন, “আমি আর্জেন্টিনার সাপোর্টার। ঈদ এবং বিশ্বকাপ ফুটবল একই সঙ্গে হওয়ায় নাটকেও ফুটবল নিয়ে মানুষের আবেগ ধরা পড়ছে। বিশ্বকাপের কারণে ঈদ নাটকের সংখ্যা কমেছে। আশার কথা, এইবার ওয়েবভিত্তিক নাটকের সংখ্যা বেশ বেড়েছে।”

এবার ঈদ উপলক্ষে চারটি নাটক নির্মাণ করেছেন এসএ অলিক। বিশ্বকাপের উন্মাদনার মধ্যে ঈদ নাটকেও মানুষের নজর থাকবে বলে আশা করছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “আমার মনে হয়, ফুটবল খেলার সময়টুকু ছাড়া দর্শকের আগ্রহ বরাবরের মতো ঈদ নাটকের দিকেই থাকবে। ফুটবল নিয়ে নানা রসাত্মক নাটক প্রচারিত হওয়ায় দর্শক আগ্রহী হবে নাটকগুলোতে।”

তার টেলিফিল্ম ‘ফুটবলে প্রেম’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৩০ মিনিটে।