আমার কোনো আক্ষেপ নাই: প্রবীর মিত্র
অস্টিওপরোসিসে আক্রান্ত হয়ে চার দেওয়ালে বন্দি অবস্থায় দিন কাটছে বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনয়শিল্পী প্রবীর মিত্রের। রোববার দুপুরে গ্লিটজের মুখোমুখি হলেন তিনি।
গ্লিটজ: আপনি তো দীর্ঘদিন ধরে অস্টিওপরোসিসে ভুগছেন, এখন কেমন আছেন?
প্রবীর মিত্র: বেশি ভালো না। আগের মতোই আছে। বাসা থেকে বের হতে পারি না। হাঁটাচলা করতে পারি না। শরীরের টিস্যুগুলো শুকিয়ে যাচ্ছে, সঙ্গে হাড়ও ক্ষয়ে যাচ্ছে।
গ্লিটজ: আপনার সহশিল্পীরা খোঁজখবর নেয়?
প্রবীর মিত্র: নেয় না-এটা বলব না। হয়তো নেয়। কেউ কেউ ফোন করে। তবে কারো উপর আমার কোনো দাবি নেই। আমার কোনো আক্ষেপ নাই। যারা এসেছে এসেছে আর যারা আসেনি তো আসেনি। সবাই ভালো থাক।
গ্লিটজ: অনেক অসুস্থ শিল্পীর পাশেই প্রধানমন্ত্রী থাকেন। আপনার অসুস্থতার ব্যাপারটি জানিয়েছেন?
প্রবীর মিত্র: আমি অ্যাপ্লাই করি নাই। কারণ আমি এখনও চলছি। হাল ছাড়তে রাজি না।
গ্লিটজ: অসুস্থতার কবলে পড়ে দীর্ঘদিন ধরে সিনেমার সঙ্গে নেয় আপনি। চেনা জগতটাকে মিস করেন নিশ্চয়ই?
প্রবীর মিত্র: অভিনয় করতে না পারাটা আমাকে খুব পীড়া দেয়। কিন্তু কিছু তো করার নেয়।
গ্লিটজ: পরিচালকরা এখন আপনাকে সিনেমায় অফার করেন?
প্রবীর মিত্র: সিনেমার অফার করে না। কারণ সবাই জানে আমার হাঁটাচলার অসুবিধা। ফলে অ্যাপ্রোচ করে নাই।
গ্লিটজ: সিনেমায় ফেরার ইচ্ছা আছে?
প্রবীর মিত্র: হ্যাঁ। আমি পুরোপুরি ফিট। শুধুমাত্র হাঁটতে একটু কষ্ট হয়। একটু ব্যালেন্স করে নিতে হবে।
গ্লিটজ: এখনকার সিনেমা কী অবস্থা দেখছেন?
গ্লিটজ: এই যে দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছে চলচ্চিত্র থেকে। এর কারণ কী?
প্রবীর মিত্র: মানুষ যা চায় সেটা পায় না।
গ্লিটজ: সেক্ষেত্রে আপনি কী পরামর্শ দেবেন?
প্রবীর মিত্র: সবাই বাংলা ছবি দেখুন। বাংলা ছবির পৃষ্ঠপোষকতা করুন। বাংলা ছবি আমাদের হৃদয়ের ছবি, আমাদের সংসারের ছবি, বাবা-মা, ভাই-বোনের ছবি। সবাই মিলে দেখার জন্যই ছবি। আনন্দ পেতে গেলে এখান থেকেই খুঁজে নেন।
গ্লিটজ: বেশিরভাগ চলচ্চিত্রেই আপনাকে আদর্শবান, সৎ মানুষের চরিত্রে দেখেছে দর্শকরা। এর পেছনে কারণ কী?
প্রবীর মিত্র: ভালো মানষের চরিত্র পেলেই পরিচালকরা আমার কাছেন আসতেন। আমিও না করতাম না। আমার চেহারা আর হাঁটাচলা থেকেই মূলত ভালো মানুষের চরিত্রগুলো দিতেন।
পরে আর সেখান থেকে বের হওয়া কঠিন ছিল। তখন তো পরিচালকরা মূলত ক্যারেক্টারের জন্য আর্টিস্ট খুঁজত। কিন্তু এখন তো ক্যারেক্টার আর্টিস্টের খুব একটা কদর নেই।
গ্লিটজ: এখনকার সিনেমার গল্প তো নায়ক-নায়িকা নির্ভর…
প্রবীর মিত্র: মানুষের সিনেমা না দেখার এটিও একটি কারণ। সামাজিক গল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণ করতে হবে। যেখানে পরিবারের সব চরিত্র থাকবেন। দর্শকরাও পরিবারের সঙ্গে সিনেমাটি দেখবেন।
গ্লিটজ: এখন নতুন অনেক শিল্পী আসছে, তাদের জন্য আপনার পরামর্শ কী থাকবে?
প্রবীর মিত্র: মঞ্চে কাজ করলে একজন শিল্পী জীবনে অনেক উন্নতি করেন। পরামর্শ দেবো মঞ্চে কাজ করার।
গ্লিটজ: কিন্তু এখনকার বেশিরভাগ শিল্পীদেরই তো মঞ্চের সঙ্গে উল্লেখ করার মতো যোগাযোগ নেই।
প্রবীর মিত্র: ওরা আসলে দু’একটা চলচ্চিত্রে অভিনয় করেই তারকাখ্যাতির পেছনে ছুটছে। কিন্তু অভিনয়টা একদিনে হয় না, দিনের পর দিন নিজেকে প্রস্তুত করতে হয়। অনেকে দু’একটি সিনেমা করে পরিচিতি পেলেও পরে কিন্তু আর ধরে রাখতে পারে না।
