‘রঙিন পাতা’ অনুষ্ঠানে সিয়াম
এনটিভির বিনোদনমূলক অনুষ্ঠান ‘রঙিন পাতা’-তে আড্ডা দেবেন ছোটপর্দার অভিনেতা সিয়াম আহমেদ, সঙ্গে থাকবেন সংবাদকর্মী পান্থ আফজাল।
রোববার রাত ৯টায় প্রচারিত হবে। অনুষ্ঠানটি সম্পর্কে সিয়াম আহমেদ বলেন, “খুব ব্যতিক্রমী আয়োজন ছিল। অনুষ্ঠানে পান্থ ভাইয়ের সঙ্গে আলাপ করে ভিন্নরকম অভিজ্ঞতা হয়েছে।”
পান্থ আফজাল বলেন, “এ সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম। অনুষ্ঠানে তাঁর নতুন সিনেমা ‘পোড়ামন ২’ এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে আড্ডা দিয়েছি। আশা করছি, দর্শক আমাদের প্রাণবন্ত এই আড্ডাটি পছন্দ করবেন।”
কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় ‘রঙিন পাতা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তৌহিদা শ্রাবণ্য। অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।
কাজী মোহাম্মদ মোস্তফা জানান, দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সব খবর প্রকাশিত হয় এসব পাতায়। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক আগ্রহ। পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই এই অনুষ্ঠান সাজানো হয়েছে।
