২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রকার বাদল রহমান স্মরণে নানা আয়োজন

চলচ্চিত্রকার বাদল রহমান স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2018, 02:04 AM

Updated : 08 Apr 2022, 06:31 PM

বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ বাদল রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামী ১১ জুন। তার স্মরণে স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে।

‘বাংলাদেশের চলচ্চিত্র: বিকল্প আধুনিকতা ও বিউপনিবেশায়ন’ শীর্ষক স্মারক বক্তৃতা দেবেন চলচ্চিত্র সমালোচক, লেখক ও চলচ্চিত্র সংসদকর্মী মাহমুদুল হোসেন। 

স্মারক বক্তৃতার আগে বাদল রহমান স্মরণে স্মৃতিতর্পণে অংশগ্রহণ করবেন চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী, চলচ্চিত্র শিক্ষক ও নির্মাতা হায়দার রিজভী এবং নাট্যজন লিয়াকত আলী লাকী।

বাদল রহমান স্মরণ ও বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৮ এর আয়োজনে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। 

তিনি জানান, আগামীকাল ৯ জুন বিকাল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে এ স্মরণ আয়োজন।

২০১০ সালের ১১ জুন প্রয়াত হন চলচ্চিত্রকার বাদল রহমান। তিনি বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্রের নির্মাতা এবং চলচ্চিত্র শিক্ষক ছিলেন। গত শতাব্দীর ষাটের দশকের উত্তাল রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ছিলেন প্রথম কাতারে।

বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষার প্রসারে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি আজীবন দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।

সপ্তমবারের মতো এ স্মারক বক্তৃতা আয়োজনে ম্যুভিয়ানাকে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত।