নতুন অ্যালবাম নিয়ে ফিরছে ‘স্পন্দন’
‘ইস্কুল খুইলাছে’ ও ‘মন তুই চিনলি না রে’-এর মতো সত্তর দশকের জনপ্রিয় সব মাইজভান্ডারি গান নতুন করে সাজিয়ে অ্যালবাম আকারে আনছে ব্যান্ড দল ‘স্পন্দন’।
সম্প্রতি ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্পন্দন’- এর কাজ শেষ হয়েছে। এ অ্যালবামের কয়েকটি গানের সঙ্গে পারকাশন বাজিয়েছেন ‘স্পন্দন’ ব্যান্ডের সদস্য কাজী হাবলু।
দীর্ঘ ৪৬ বছর পর ২০১৬ সালে নতুনভাবে যাত্রা শুরু করে ‘স্পন্দন’। ফিরোজ সাঁই এবং কাজী হাবলু বাংলাদেশের এ রক ব্যান্ডটিকে নতুন রূপে নিয়ে এসেছেন।
ব্যান্ডের ঐতিহ্যকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আবার ব্যান্ডটিকে সক্রিয় করে তোলেন নিয়াজ, নাজিম, নাঈম ও আনান।
বাংলা মিউজিক ও ফোক ঘরানাকে আরও সমৃদ্ধ করার উদ্দেশ্যে ১৯৭২ সালের ১৭ জুন ‘স্পন্দন’ ব্যান্ডটির জন্ম। পথচলার খুব কম সময়ের মধ্যেই অসাধারণ সব গান দিয়ে সবার মন জয় করে নেয় ব্যান্ডটি।
স্বাধীনতার পর ব্যান্ড মিউজিকে নাসির আহমেদ অপু, ফেরদৌস জুনিয়র, আফতাব কামাল, ল্যারি, মুসা, কামাল, হ্যাপি আখন্দ, কাজী হাবলু, শাহেদুল হুদা, ফেরদৌস ওয়াহিদ, প্রয়াত ফিরোজ সাঁই ও শেখ কামালদের অবদান ‘স্পন্দন’ ব্যান্ডটিকে সর্বসাধারণের কাছে করে তোলে আরও জনপ্রিয়।
এসব প্রতিভাবানদের যৌথ প্রয়াসে ‘স্পন্দন’ বাংলাদেশের পপ মিউজিকে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেয়।
প্রথাগত সংগীতচর্চা থেকে বেরিয়ে এসে পপ, রক ও ফোক ঘরানার গানগুলোর সঙ্গে পশ্চিমের মিউজিকের মেলবন্ধন করে এক ধরনের ফিউশনের সৃষ্টি করে ব্যান্ডটি।
‘স্পন্দন’র নতুন অ্যালবামটির এক্সক্লুসিভ ডিজিটাল প্রমোশন পার্টনার হিসেবে রয়েছে জিপি মিউজিক। জিপি মিউজিকে পুরো অ্যালবামটি মুক্তি দেওয়া হয়। শ্রোতারা জিপি মিউজিকের অ্যাপ অথবা ওয়েব প্ল্যাটফর্ম থেকে অ্যালবামটি শুনতে পারবেন।
এছাড়াও অ্যালবামটির দুটি গানের ভিডিও 'ইস্কুল খুইলাছে’ এবং ‘শুনইয়া নাই’ জিপি মিউজিকের ফেইসবুক পেইজে প্রকাশ করা হবে।
অ্যালবামটির মিক্সড-মাস্টারিংয়ের কাজ করেছেন ওয়েস্টসাইড মাস্টারিং স্টুডিও’র চিফ মাস্টারিং ইঞ্জিনিয়ার উডি পর্নপাইটাকসাক, যিনি ‘লুইস আর্মস্ট্রং- দ্য কমপ্লিট হট ফাইভ অ্যান্ড হট’ কাজের জন্য ৪৩তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসরে সমাদৃত হন।
স্পন্দন ব্যান্ডের বর্তমান সদস্য হচ্ছেন- রেজওয়ান ফিরোজ নিয়াজ, রায়হান ফিরোজ নাজিম, কাজী আনাম রেদওয়ান, ফিরোজ নাইম ও কাজী শিশির।
