২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপেছেন মম

বড়পর্দায় আলতাবানু’র পর এবার নতুন দুই চলচ্চিত্রে যুক্ত হতে যাচ্ছেন মম। এমন খবর যখন হাওয়ায় উড়ছে মম তখন মুখে কুলুপ এঁটেছেন। গ্লিটজের সঙ্গে আলাপকালে জানালেন তার চুপ থাকার কারণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 06:24 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত রায়হান রাফির পরিচালনায় ‘দহন’ চলচ্চিত্রে অভিনয় করবেন না বাঁধন। তার বদলে নাম এলো পূর্ণিমার। চলচ্চিত্রটিতে অভিনয়ের ব্যাপারে যখন তার সঙ্গে কথা চূড়ান্ত- তখনই আগাম সংবাদ প্রকাশের জের ধরে মত ফিরিয়ে নিলেন পূর্ণিমা। অন্যের ছেড়ে দেয়া ছবিতে চলচ্চিত্রে ফিরবেন পূর্ণিমা-এমন তকমা নিতে চাইলেন না নায়িকা।

তাই নতুন সংকটে পড়ে জাজ। এবার ‘দহন’-এ আলোচিত নায়িকা চরিত্রটিতে অভিনয়ের জন্য নাম এলো মম’র। কিন্তু আর ভুল নয়, আগে শুটিং পরে নায়িকার নাম উন্মোচন।

এ প্রসঙ্গে জানতে চাইলে মম বলেন, “আমি প্রচণ্ড বিরক্ত হয়ে আছি নামসর্বস্ব কিছু অনলাইন নিউজ পোর্টালের ওপর। আমার সঙ্গে কথা না বলেই তারা নিউজ করছে। আমি এখন ঈদের কাজ নিয়ে দারুণ ব্যস্ত। আমি চেয়েছিলাম নতুন কাজ নিয়ে ঈদের পর সুন্দর করেই ঘোষণা দিবো।”

নামসর্বস্ব কিছু অনলাইন পোর্টালের তালিকা করেছেন মম। সেগুলো নিজেই ফেইসবুক দেয়ালে প্রকাশ করবেন তিনি। মামলা করার ইচ্ছেও জাগছে-এমনই ক্ষোভ তার। নিজেকে সামলে ভক্তদের কাছে অনুরোধ- “স্বনামধন্য কোন নিউজ পোর্টাল ছাড়া অন্য কোন পোর্টালের সংবাদ পড়বেন না, বিশ্বাস করবেন না। পড়লে তা নিজ দায়িত্বে পড়বেন।”

এদিকে, সোমবার থেকে শুরু হয়েছে ‘দহন’ চলচ্চিত্রের শুটিং। চলচ্চিত্রটির প্রযোজক আবদুল আজিজ জানান, এফডিসিতে চলচ্চিত্রটির শুটিং এ অংশ নিয়েছেন পূজা ও সিয়াম। নতুন নায়িকা শুটিং এ অংশ নেয়ার আগে তার নাম বলতে চান না তিনিও।

এবার অরিন্দম শীলের ‘বালিঘর’। দুই বাংলার যৌথ প্রযোজনার চলচ্চিত্রটিতে অভিনয় করছেন না তিশা। শিডিউল জটিলতায় চলচ্চিত্রটি থেকে সরে দাঁড়াতে হয়েছে তাকে।  সোমবার এমনটাই জানান জনপ্রিয় এ অভিনেত্রী। তার স্থলাভিষিক্ত হয়েছেন মম।

‘দহন’ নিয়ে লুকোচুরি করলেও ‘বালিঘর’ নিয়ে মুখ খুললেন মম-“হ্যাঁ, চলচ্চিত্রটিতে অভিনয় করছি। কাহিনী, চরিত্র দু’টোই সুন্দর। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সব কিছু চূড়ান্ত হয়েছে। ঈদের পর এ নিয়ে বিস্তারিত বলতে পারবো।”

‘বালিঘর’ চলচ্চিত্রে মম’র বিপরীতে দেখা যাবে আরেফিন শুভকে। এ চলচ্চিত্রে আরও অভিনয় করবেন, নওশাবা, ভারত থেকে আবির চট্টোপাধ্যায়, পার্ণো মিত্র, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ।

ঈদ উপলক্ষে বেশকিছু একঘন্টা ও টেলিফিল্ম এ কাজ করছেন মম।জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও দেখা যাবে তার বিশেষ পারফরমেন্স।

বললেন, বেঁচে থাকার সবচেয়ে আনন্দের বিষয় প্রতিদিন আমি নিজেকে নতুনভাবে আবিস্কার করতে পারছি”