কলকাতার চলচ্চিত্রে অপু বিশ্বাস
কলকাতার তারকা সংগীতশিল্পী নচিকেতার গল্পে ‘শটকার্ট’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস।
ছবিটি নির্মাণ করছেন পরিচালক সুবীর মণ্ডল। এতে অপু সহশিল্পী হিসেবে পাচ্ছেন অভিনেতা পরমব্রত চট্টেপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু।
ছবিতে নুরজাহান নামে এক মুসলিম তরুণীর চরিত্রে অভিনয় করছেন বলে কলকাতা থেকে জানিয়েছেন অপু বিশ্বাস।
সোমবার সকালের ফ্লাইটে ঢাকা থেকে কলকাতায় উড়াল দিয়েছেন তিনি। প্রথম সিনেমায় নচিকেতার গল্পে কাজ করতে পারাকে সুযোগ হিসেবেই দেখছেন এ অভিনেত্রী।
কলকাতার পত্রিকা আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে নচিকেতা বলেন, “এই গল্পের মধ্যে সিনেমার উপাদান আছে। এটা ছোট্ট একটা গল্প। সুবীরকে দিয়ে বললাম নিজের মতো করে গড়ে পিটে নিতে।”
এটিই সুবীর মণ্ডলের প্রথম চলচ্চিত্র। এর আগে স্বল্পদৈর্ঘ্য ও তথ্যচিত্রে কাজ করেছেন। নিজের প্রথম চলচ্চিত্রের জন্য নচিকেতার লেখা গল্প ‘শটকার্ট’-কেই বেছে নেন তিনি।
গল্পের প্রধান তিনটি চরিত্রের একটিতে কাজ করছেন অপু। বাকি দুটিতে থাকছেন পরম ও গৌরব। গল্পটা আবর্তিত হয়েছে বিত্তবান পরিবারের ও বস্তির দুই তরুণকে নিয়ে। দু’জনের জীবনের টানাপড়েনের সঙ্গে ঘটনাক্রমে সাক্ষাত ঘটে অপুর।
মঙ্গলবার থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। সপ্তাহ খানেকের মধ্যে প্রথম দফায় শ্যুটিং শেষ ঢাকায় ফিরবেন অপু।
ছবি: অপুর ফেইসবুক থেকে নেওয়া।
