ফজলুর রহমান বাবু’র ‘মিছে মায়া’
ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু।
মিউজিক ভিডিও আকারে নিজের গান নিয়ে আসছেন ফজলুর রহমান বাবু। ‘মিছে মায়া’ শিরোনামের গানটি লিখেছেন সোহেল মাসুদ, সুর করেছেন অভি আকাশ আর সংগীত পরিচালনায় ছিলেন মন।
অভিনয়ে দর্শকদের নিয়মিতই মাতিয়ে রাখছেন বাবু। পাশাপাশি গানেও তার জনপ্রিয়তার জুড়ি নেই। তাই ঈদ উৎসবে ভক্তদের জন্য নতুন গান নিয়ে এলেন তিনি। গানের মিউজিক ভিডিওতে অভিনয়ও করেছেন তিনি নিজেই। সম্প্রতি রাজধানীর পূবাইলে গানটির ভিডিও ধারণ করা হয়।
গানটি প্রসঙ্গে বাবু বলেন “স্বল্প সময়ের জীবনে আমরা দুনিয়ার মায়ায় নিজেদের জড়িয়ে রাখি, কিন্তু বেলাশেষে কেউ কারো আপন নয়, শুধু এক মায়ার খেলা। এমন ভাবরসই পাবেন শ্রোতারা গানটির মাধ্যমে। আশা করি গানটি সবার ভাল লাগবে।”
সোহেল রানা বয়াতি'র পরিচালনায় মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আলিফ, রেশমি ও প্রীতি। আগামী ৭ জুন রেইন মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।
