বিটিভিতে ‘ছোটদের ঈদ আনন্দ’
এবার ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে শিশু কিশোরদের জন্য নির্মিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ছোটদের ঈদ আনন্দ।’
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান শাখার প্রধান সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী।
তিনি বলেন, “এই ধরনের শিশুতোষ অনুষ্ঠান শিশুদের মানসিক বিকাশে সহায়তা করবে। এতে তারা যেমন আনন্দ পাবে তেমনি দেশ বিদেশি সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। আর প্রিয় দুই ফুটবল তারকা নেইমার ও মেসি সম্পর্কেও বিস্তারিত জানতে পারবে।”
কাজী নজরুল ইসলামের গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ দিয়ে শুরু হবে অনুষ্ঠানটি। এতে কণ্ঠ দিয়েছেন চট্টগ্রামের এক ঝাঁক শিশু-কিশোর। সংগীত পরিচালনায় ছিলেন আলউদ্দিন তাহের। আর ‘হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল’ জনপ্রিয় এই গানের কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক প্রমা অবিন্ত। অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন ২০১৮ সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় স্বর্ণ পদক বিজয়ী অধরা রৌদসী মেলা।
অনুষ্ঠানে নাচ-গান, নাটিকার পাশাপাশি তুলে ধরা হয়েছে ফ্লোরিডায় অবস্থিত শিশুদের কল্পরাজ্য ‘ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড’ নিয়ে বিশেষ পর্ব।
অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ঈদ আয়োজনে সম্প্রচার করা হবে।
