২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ ইত্যাদিতে চার তারকার ছন্দ আড্ডা

ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র বিশেষ পর্ব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 03:29 PM

Updated : 11 Oct 2022, 12:22 PM

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ঈদের বিশেষ ইত্যাদিতে মজার আড্ডায় উপস্থিত হয়েছেন দেশের জনপ্রিয় চার তারকা। আলোচনায় অংশগ্রহণ করেছেন অভিনয় তারকা শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, সাজু খাদেম ও শাহরিয়ার নাজিম জয়। শুধু তাই নয় এই প্রথমবারের মত এইসব তারকাদের বাদ্যের তালে ছন্দে-ছন্দে কথা বলতে দেখবেন দর্শকরা।

ইত্যাদি নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের পক্ষ থেকে গোলাম কিবরিয়া মিঠু এ প্রসঙ্গে বলেন, “ইত্যাদিতে উপস্থাপিত বিভিন্ন বিষয়ের মধ্যে থাকে আমাদের সমসাময়িক প্রসঙ্গ এবং সমাজের অসংগতির বিরুদ্ধে তীব্র কটাক্ষ। এসব বিষয় ইত্যাদির বৈশিষ্ট অনুযায়ী কখনো কথায়, কখনো নাটিকায়, কখনো সুর ও ছন্দে ফুটিয়ে তোলা হয়। এটিও তেমন একটি আয়োজন। এ আলোচনায় কোন উত্তেজনা নেই, আছে কথার ছন্দ। ”

তিনি জানান, সংগীত শিল্পী না হয়েও এই তারকারা প্রত্যেকেই উৎসাহের সঙ্গে নিজেরাই এই পর্বটিতে কণ্ঠ দিয়েছেন। গণমাধ্যমের চারটি বিশেষ অঙ্গনের একাল-সেকালের চিত্র তুলে ধরেছেন এই চার তারকা তাদের ছন্দ কথার আড্ডায়।

মিঠু আরও বলেন, “এই ব্যতিক্রমী পর্বে শিল্পীরা যেমন আনন্দ পেয়েছেন, দর্শকরাও তেমনি শিল্পীদের অভিনয়, বিষয় ও পরিবেশনায় ভিন্ন স্বাদ পেয়েছেন। বাড়ির দর্শকরাও এই ব্যতিক্রমী পরিবেশনাটি যথেষ্ট উপভোগ করবেন।”

নব্বই দশকের শুরু থেকে দেশের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান হিসেবে বিরতিহীণ প্রচার হয়ে আসছে ইত্যাদি। বছরের নিয়মিত পর্বগুলো ছাড়াও ঈদ অনুষ্ঠানমালায় দর্শকদের কাছে অন্যতম আকর্ষনীয় ও প্রতীক্ষিত ম্যাগাজিন অনুষ্ঠান এটি।

ফাগুন অডিও ভিশন জানায়, প্রতিবারের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে সাজানো হয়েছে ঈদ ইত্যাদি। ইত্যাদি প্রচারিত হবে ঈদের পরদিন বিটিভির ঈদ অনুষ্ঠানমালায়।