২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানে ফের জুটি বাঁধলেন আসিফ-কর্নিয়া

নতুন গানে কণ্ঠ মেলালেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও তরুণ কণ্ঠশিল্পী কর্নিয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2018, 04:39 PM

Updated : 08 Apr 2022, 06:25 PM

আসিফ আকবর-কর্নিয়া জুটির প্রথম গান ‘কি করে তোকে বোঝাই’ প্রকাশিত হয় ২০১৭ সালে। শ্রোতামহলে প্রশংসিত গানটিতে আসিফের সঙ্গে জুটি বেঁধে কর্নিয়াও বেশ সফলতা পান। তাই সুরে সুরে ফের এক হলো তাদের দুই কন্ঠ।

ধ্রুব মিউজিক স্টেশানের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে তাদের দ্বৈত গান ‘একবার ছুঁয়ে যা হৃদয়’। মেহেদী হাসান লিমনের কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ, সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটির ভিডিও নির্মাণ করেছিলেন সৈকত নাসির।

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন- “‘কি করে তোকে বোঝাই’ গানটি অনেক পছন্দ করেছেন শ্রোতা-দর্শক। গানটির সফলতার পর কর্নিয়ার সঙ্গে আরো দুটি গান করেছি। এর মধ্যে একটি হলো ‘একবার ছুঁয়ে যা হৃদয়’। কর্নিয়ার অনেক ভালো গায়। এ গানটিও সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।”

কর্নিয়া বলেন, “আসিফ ভাই, আমার বড় ভাই, তার সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। তার কাছ থেকে অনেক উৎসাহ পাই আমি। এবারের গানটিও বেশ ভালো হয়েছে। একটি চমৎকার ভিডিও করা হয়েছে এর।”

ধ্রুব মিউজিক স্টেশন কর্তৃপক্ষ জানায়, আসছে ঈদ উৎসবকে কেন্দ্র করে আগামী ৩১ মে প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।