দুই তরুণ নির্মাতাকে নিয়ে কান চলচ্চিত্র উৎসবে সামিয়া জামান
দ্বিতীয়বারের মতো ‘ঢাকা টু কান’ প্রকল্পের আওয়তায় আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের তরুণ দুই নির্মাতা। তাদের সঙ্গে নিয়ে উৎসবের পথে যাত্রা শুরু করেছেন নির্মাতা সামিয়া জামান।
বাংলাদেশের উদীয়মান চলচ্চিত্রকারদের সহায়তার লক্ষ্যে কান উৎসবে আইএফআইবি ও আইইএফটিএ মিলে চালু করেছে এই ‘ঢাকা টু কান’ প্রকল্প।
তিন দিনের এই কার্যক্রমে বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্বাহী ও চলচ্চিত্র শিল্পে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের সঙ্গে বৈঠক ও কর্মশালার সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই তরুণ নির্মাতা, রেজওয়ান শাহরিয়ার সুমিত ও সুমন দেলোয়ার।
৭১তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইতিমধ্যেই দেশ ছেড়েছেন তারা। বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন আইএফআইবি প্রেসিডেন্ট, নির্মাতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব সামিয়া জামান। উৎসবে যোগ দিতে আগামীকাল তিনিও যাত্রা শুরু করছেন।
যাওয়ার আগে গ্লিটজকে সামিয়া জামান বললেন, “আমাদের আইএফআইবি থেকে আমরা গতবারও দু’জন নির্মাতাকে নিয়ে গিয়েছিলাম।
আনন্দের ব্যাপার এই যে, আমরা নতুন দু’জন নির্মাতাকে নিয়ে আরও একবার যাত্রা করার জন্য প্রস্তুতি নিচ্ছি।
গত সেপ্টেম্বর মাসে যে ডকল্যাব হলো, যেটা আমাদের বাংলাদেশে প্রথম কো-প্রোডাকশান মার্কেট যদিও এটা প্রামাণ্যচিত্রনির্ভর, তবু এর আগে বাংলাদেশে কখনোই প্রজেক্ট মার্কেট বাংলাদেশ হয়নি।
সেখানেই সেরা নির্মাতা হিসেবে সুমন দেলোয়ারকে বাছাই হয়েছিল কানে যাওয়ার জন্য।
শুধু ফিচার ফিল্মই নয়, আমরা ডকুমেন্টারি, শর্ট ফিল্ম সব ধরণের নির্মাতাদের সঙ্গেই কাজ করতে আগ্রহী।
আরেকটা ব্যাপার ভালো লাগছে, আমাদের দু’জন নির্মাতা যে কর্মশালায় অংশ নেবে, সেটা আরও একটু বিস্তৃত, নতুন বেশ কিছু বিষয় সম্পর্কে জানার সুযোগ পাবে তারা।”
কান চলচ্চিত্র উৎসবের ‘মার্শে দ্যু ফিল্ম’ কর্নারে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা নির্মাতা, প্রযোজক ও পরিবেশকদের মিলনমেলায় যোগ দেবেন বাংলাদেশের দুই নির্মাতা। অংশগ্রহণ করবেন কর্মশালায়।
এবারের কান চলচ্চিত্র উৎসবের বিভিন্ন কর্নারে ব্যক্তিউদ্যোগে ও বাণিজ্যিকভাবে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের বেশ কিছু চলচ্চিত্র।
এ প্রসঙ্গে সামিয়া জামান বলেন, “কান ফিল্ম ফেস্টিভালের আরও যেসব কর্নারগুলো আছে সেসব জায়গাতেও বাংলাদেশের ছবিগুলো যাচ্ছে।”
শুধু কান ফিল্ম ফেস্টিভালই নয়, আরও অন্যান্য উৎসবেও বাংলাদেশের নির্মাতারা ও তাদের ছবিগুলো ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সামিয়া জামান।
